ত্রিপোলি, লেবানন, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের উত্তরাঞ্চলীয় বন্দর শহর ত্রিপোলিতে সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া শিয়া ও সুন্নি মুসলিম সম্প্রদায়ের মধ্যে লড়াই মঙ্গলবার রাত পর্যন্ত অব্যাহত ছিল। লড়াইয়ে এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন।
সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে ত্রিপোলির সুন্নি ও শিয়া আলাউতি সম্প্রদায়ের মধ্যে এ লড়াই শুরু হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলাউতি সম্প্রদায় ভুক্ত।
লড়াইয়ে আরো প্রায় ১শ’ জন আহত হয়েছে বলে নিরাপত্তা ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।
ত্রিপোলির সুন্নি অধ্যুষিত এলাকা বাব আল তাব্বানেহ ও আলাউতি অধ্যুষিত জাবেল মোহসেন এলাকা থেকে দু’পক্ষ পরস্পরের প্রতি গোলাগুলি ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করছে। শহরটিতে সেনা মোতায়েন করা সত্বেও দু’পক্ষকে রক্তক্ষয়ী লড়াই থেকে বিরত রাখা যায়নি বলে ত্রিপোলির বাসিন্দারা জানিয়েছেন।
পাহাড়ি এলাকা জাবেল মোহসেন থেকে নিচের সুন্নি এলাকা আল তাব্বানেহ সহজেই দৃষ্টিগোচর হয়। ফলে কৌশলগতভাবে আলাউতিরা সুবিধাজনক অবস্থানে আছে। নিহত সাতজনের মধ্যে দুইজন জাবেল মোহসেন এলাকার বাসিন্দা, অপরদিকে পাঁচজন তাব্বানেহের।
এক বিবৃতিতে লেবানন সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীদের অবস্থান নেওয়া কয়েকটি ভবনে সেনারা অভিযান চালিয়ে গুলিবর্ষণ বন্ধ করার ব্যবস্থা করেছে।
বিবৃতিতে আরো জানানো হয়, সোমবার সন্ধ্যায় পাঁচ সেনা আহত হয় আর মঙ্গলবার সেনা শিবির লক্ষ করে নিক্ষিপ্ত এক গ্রেনেডে বিস্ফোরণে কর্মকর্তাসহ আরো পাঁচ সেনা আহত হয়।
এছাড়া বাব আল তাব্বানেহ ও জাবেল মোহসেন এলাকায় আরো কয়েক ডজন বেসামরিক নাগরিক ও যোদ্ধা আহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিদ্রোহ- অভ্যুত্থানে মূলত সুন্নিরাই জড়িত। ১৭ মাস ধরে চলা আলাউতি সরকার বিরোধী লড়াইয়ের প্রভাব পুরোটা সময় জুড়েই ত্রিপোলির শিয়া-সুন্নিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে রেখেছিল। জুনে দু’সম্প্রদায়ের মধ্যে অপর এক লড়াইয়ে ১৫ জন নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৮ ঘ.
bdnews24