ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে হত্যার অপরাধে সোমবার চীনের অপসারিত রাজনীতিক বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে চীনা আদালত।
২০১১ সালের নভেম্বরে হেউডকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় কাইলাইকে। বিচার চলাকালে আদালতে এ অভিযোগের বিরোধিতা করেননি তিনি।
স্থগিত মৃত্যুদণ্ডাদেশ বলতে চীনে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডকেই বোঝানো হয়।নির্ধারিত কিছু আচরণবিধি লঙ্ঘন করলে তখনই মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আসে।
এছাড়া হত্যায় সহযোগিতার অপরাধে গু’র সহকারী ঝাং জিয়াওজুনকেও নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৯ অগাস্ট বিচারের দিন চুকিংয়ের একটি হোটেল কক্ষে তার সহকারীর সহায়তায় নেইল হেউডকে বিষ প্রয়োগে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন গু।
গু জানিয়েছেন, তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন এবং হেউড সম্পত্তি নিয়ে রেষারেষিতে তার ছেলেকে হুমকি দিয়েছিলেন।
হেউডের পরিবারের একজন আইনজীবী বলেছেন, তারা আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন।
বো জিলাই চীনের গুরুত্বপূর্ণ শহর চুংকিংয়ে দলীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।এ বছর শেষে চীনের রাজনীতিতে ক্ষমতার রদবদলে দেশের শীর্ষস্থানীয় একটি পদে আসীন হওয়ার কথা ছিল তার।
কিন্তু গু’র বিরূদ্ধে তদন্তের ঘোষণা দেওয়ার পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৬৪০ ঘ.
bdnews24