ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদানে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ধর্ম মন্ত্রীসহ প্রায় ৩০ জন নিহত হয়েছেন।
সামরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রায় ৩০ জন নিয়ে বিমানটি নিউবা পর্বতে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঈদ উদযাপন করতে তারা রাজধানী খার্তুম থেকে দক্ষিণ কোরদোফানে যাচ্ছিল।
নিহতদের মধ্যে উপদেষ্টা ও ধর্মবিষয়ক মন্ত্রী গাজি আল-সাদিক আবদেল রহিমও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
দেশটির টেলিভিশনে বলা হয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে প্রথমবার বিমানটি অবতরণ করতে ব্যর্থ হয়। দ্বিতীয় বার চেষ্টা করতে গিয়ে পর্বতে ধাক্কা লেগে তা বিধ্বস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৬১৫ ঘ.
bdnews24