২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাখদার ব্রাহিমি জাতিসংঘের সিরিয়া বিষয়ক নতুন দূত

সিরিয়া সঙ্কট নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দূত হিসেবে শুক্রবার আলজেরিয়ার কূটনীতিক লাখদার ব্রাহিমির নাম ঘোষণা করেছে জাতিসংঘ। তিনি পদত্যাগকারী আন্তর্জাতিক শান্তিদূত কফি আনানের স্থলাভিষিক্ত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

বৈরুত/জাতিসংঘ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়া সঙ্কট নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দূত হিসেবে শুক্রবার আলজেরিয়ার জানু কূটনীতিক লাখদার ব্রাহিমির নাম ঘোষণা করেছে জাতিসংঘ। তিনি পদত্যাগকারী আন্তর্জাতিক শান্তিদূত কফি আনানের স্থলাভিষিক্ত হবেন। মধ্যস্থতাকারী হিসেবে ব্রাহিমির পরিচয় হবে ‘সিরিয়া বিষয়ক বিশেষ যুগ্ম প্রতিনিধি’। জাতিসংঘের কূটনীতিকরা জানিয়েছেন, আনানের ভূমিকা থেকে ব্রাহিমির ভূমিকা আলাদাভাবে চিহ্নিত করার জন্য এই বিশেষ নামকরণ। গত মাসের শেষের দিকে সিরিয়া বিষয়ক বিশেষ শান্তিদূতের পদ থেকে সরে দাঁড়ান জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদের বিভক্তির জন্য সিরিয়ার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের দূত গেরার্ড আরাউদ সিরিয়া শান্তি মিশনকে “মিশন ইম্পসিবল” হিসেবে চিহ্নিত করেছেন। “অসম্ভব” এই দায়িত্ব নিতে অস্বস্থিবোধ করছিলেন নোবেল পুরস্কার জয়ী ব্রাহিমি। কয়েকদিনের দ্বিধাদ্বন্দ্বের পর এই দায়িত্ব গ্রহণে রাজি হন তিনি। জাতিসংঘের মুখপাত্র এদ্যুয়ার্দো দেল বুয়ে বলেছেন, “তার অসাধারণ মেধা ও অভিজ্ঞতা জাটিল এই কাজে ব্যবহার করার আগ্রহ প্রকাশ করার জন্য জাতিসংঘ মহাসচিব জনাব ব্রাহিমির প্রশংসা করেছেন। এ কাজের জন্য তিনি নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক স¤প্রদায়ের দ্ব্যর্থহীন সম্মিলিত সমর্থন আশা করছেন, যা তার প্রয়োজন হবে।” জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও আরব লীগ প্রধান নাবিল এলআরাবি ব্রাহিমির নিয়োগে সমর্থন যুগিয়েছেন বলে জানান বুয়ে। তিনি আরো বলেন, সিরিয়া সঙ্কটের একটি কূটনীতিক সমাধান খুঁজে বের করা এখনও জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো ব্রাহিমির নিয়োগে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের কূটনীতিকরা। সিরিয়া বিষয়ক নতুন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে নিউ ইয়র্কে এসে ব্রাহিমি বান কি মুনের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করছেন জাতিসংঘের কর্মকর্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩২৯ ঘ.