ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবিসির বিদায়ী মহাপরিচালক মার্ক টমসনকে প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম কোম্পানি নিউ ইয়র্ক টাইমস।
চাকরি জীবনের তিন দশক ব্রিটিস ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সঙ্গে ছিলেন টমসন। নভেম্বরে তিনি নতুন প্রতিষ্ঠানে কাজ শুরু করবেন।
অলিম্পিক আসর শেষ হওয়ার পরই বিবিসি ছাড়বেন- এমন কথা গত মার্চে জানিয়েছিলেন বিবিসি মহাপরিচালক।
গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে নিউইয়র্ক টাইমসকে মুদ্রণ ও অনলাইনের পাশাপাশি ভবিষ্যতে ভিডিও, মোবাইল ও সামাজিক মিডিয়ায় বিস্তৃতি বাড়াতে টমসন ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ মনে করছে।
নিউ ইয়র্ক টাইমসের সংবাদে বলা হয়েছে, ডিজিটাল ভবিষ্যতের নেতৃত্ব খুজতে তারা কেবল তাদের নিজস্ব কোম্পানি ও প্রিন্ট মাধ্যমের বাইরেই যাননি, নিজের দেশের বাইরেও গিয়েছেন তারা।
নিউ ইয়র্ক টাইমসের চেয়ারম্যান আর্থার সালজবার্গার জুনিয়র বলেছেন, “মুদ্রণ মাধ্যমে সেরা লোকগুলো আমাদের আছে। বিজ্ঞাপনেও সেরারাই আমাদের। কিন্তু আমাদের ভবিষ্যৎ হলো ভিডিও, মোবাইল ও সামাজিক মাধ্যম।”
নতুন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ায় প্রতিক্রিয়ায় টমসন বলেন, “কয়েক দশক ধরেই আমি নিউ ইয়র্ক টাইমসের একজন পাঠক। এমন একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।”
মঙ্গলবার বিকেলেই লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন নিউ ইয়র্ক টাইমসের নতুন শীর্ষ কর্মকর্তা।
তিনি বলেন, “বিশ্বের গণমাধ্যমের জন্য ঈর্ষণীয় সংবাদকক্ষ আমরা নিউ ইয়র্ক টাইমসে পেয়েছি।”
গত ডিসেম্বরে জ্যানেট রবিনসন পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা পদ ছাড়ার পর থেকেই এই পদটি খালি ছিল। তখন থেকেই প্রকাশক সালজবার্গার বলে আসছেন, কোম্পানি এমন একজন প্রার্থী খুঁজছে যার ডিজিটাল গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে।
টসমসনের সময়ে বিবিসির ডিজিটাল স¤প্রসারণ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিস্তৃতি লাভ করে।
তবে সবার আগে নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ বোধ করেন টমসন। নিউইয়র্ক টাইমসে সামাজিক মাধ্যম বা অন্যান্য বিষয়ের চেয়ে ভিডিওকে বেশি গুরুত্ব দেওয়া হবে কী না- সে বিষয়টি অবশ্য এখনো পরিষ্কার করেননি টমসন।
তিনি বলেছেন, “সবগুলোই গুরুত্বপূর্ণ।”
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ডিগ্রি নেওয়ার পর ১৯৭৯ সালে বিবিসির প্রযোজনা বিভাগে শিক্ষানবিস হিসেবে যোগ দেন টমসন। এরপর বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান নাইন ও’ ক্লক, প্যানোরমার সম্পাদক হিসেবে কাজ করেন। আলাদা চ্যানেল বিবিসি-২ এর দায়িত্ব পালনের বিবিসির জাতীয় ও আঞ্চলিক স¤প্রচারের পরিচালকের দায়িত্ব পালন করেন।
২০০০ সালে বিবিসির টেলিভিশনের পরিচালক হন তিনি। এরপর ব্রিটেনের চ্যানেল ফোরে দুই বছর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে ২০০৪ সালে বিবিসির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।
বিবিসি’র ওয়েবসাইট অনুযায়ী, এই সময়টিতে তিনি সারাবিশ্বে ২০ হাজার কর্মীর দেখভালের দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২১১৭ ঘ.
bdnews24