ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে আবারও এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দু’জনকে হত্যা করেছে। পরবর্তী সময়ে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে। এই ঘটনা নিয়ে স¤প্রতি কিছুদিনে দেশটিতে এ ধরনের তিনটি ঘটনা ঘটলো।
সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী দু’টি রাস্তায় এ ঘটনা ঘটে।
ওই বন্দুকধারীর হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে নিহত বন্দুকধারী ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তাও জানা যায়নি।
হাসপাতালের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত পাঁচজন কলেজ স্টেশন মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুলিতে আহত হয়েছেন।
আহতদের মধ্যে এক নারীসহ তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
স্থানীয় সহকারী পুলিশ প্রধান স্কট ম্যাকলম এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারের আগেই বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন।
টেক্সাসের অ্যাটর্নি জেনারেল গ্রেগ অ্যাবোট এক বিবৃতিতে বলেন, “হিংস্র অপরাধীর কাণ্ডজ্ঞানহীন হামলার কোনো স্থান টেক্সাসে নেই।”
টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মুখপাত্র জানিয়েছেন, সোমবার ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থীই ছিল না। শরৎকালীন ছুটির কারণে এ মাসের শেষ দিকে আবার ক্যাম্পাস চালু হবে।
যুক্তরাষ্ট্রে স¤প্রতি পর পর এ ধরনের হামলার ঘটনা ঘটলো।
কয়েকদিন আগেই উইসকনসিনে শিখ উপাসনালয়ে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত হয়েছেন।
তারও আগে কলরাডোয় একটি সিনেমা হলে অপর এক বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হন।
উইসকনসিনে হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট বারাক ওবামা শোক প্রকাশ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘আত্মানুসন্ধান’ প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৮ ঘ.
bdnews24