ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার সেনা বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের সন্দেহভাজন ২০ জঙ্গিকে হত্যা করেছে।
অভিযান চলাকালে এক সেনাও গুলিতে নিহত হন বলে সেনাসূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
দেশটির সেনা বাহিনী জানিয়েছে, রোববার মাইদুগারি শহরে বোকো হারামের সদস্যরা জড়ো হয়েছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আসে।
এর ভিত্তিতে শহরটিতে সেনা বাহিনী অভিযান চালায়।
এক সেনা কমান্ডার বলেন. “আমাদের লোকেরা সেখানে যায় এবং সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে ২০ জঙ্গি নিহত হয়। এ সময় এক সেনাও মারা যায় এবং অপর তিন সেনা আহত হয়।”
সেনা বাহিনীর এ দাবি সম্পর্কে বোকো হারামের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
বোকো হারামের অধিকাংশ হামলাই মুসলিম অধ্যুষিত দেশটির উত্তরাঞ্চলে হয়ে থাকে।
তবে বোকো হারাম স¤প্রতি খ্রিস্টানদের উপাসনালয় ও অন্যান্য লক্ষ্যবস্তুতেও আঘাত হানা শুরু করেছে। এই গোষ্ঠীটি নাইজেরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে চায়।
দেশটির দক্ষিণাঞ্চলে বিপুল সংখ্যক খ্রিস্টান ও সর্বপ্রাণবাদী মানুষ বসবাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৬ ঘ.
bdnews24