ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাতে পড়ে কমপক্ষে ৫২ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
ব্যক্তিমালিকানাধীন বাসটি ১০০শ’র বেশি যাত্রী নিয়ে চাম্বা থেকে ভারমর যাচ্ছিল বলে জানিয়েছে ‘এনডিটিভি’।
যাওয়ার পথে বাসটি রাস্তা থেকে পিছলে চাম্বা উপত্যকার ৩০০ ফুট গভীরে পড়ে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা রাজ কুমার জানিয়েছেন, পার্বত্য এলাকার রাস্তাটিতে একটি বাঁকের মুখে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
বিশ্বে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয় ভারতে। দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা যায়।
এর কারণ হিসাবে বেপরোয়া গাড়ি চালনা, রাস্তা-ঘাটের বেহাল দশা ও পুরানো যান চলাচলকে দায়ী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৩৫ ঘ.
bdnews24