২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে তরুণী কর্মী পাঠাবে না নেপাল

মধ্যপ্রাচ্যে তরুণী কর্মীদের ওপর শারীরিক ও যৌন নিপীড়নের ঘটনা বাড়তে থাকায় সেখানে ৩০ বছরের কম বয়সী নারীকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্যে তরুণী কর্মীদের ওপর শারীরিক ও যৌন নিপীড়নের ঘটনা বাড়তে থাকায় সেখানে ৩০ বছরের কম বয়সী নারীকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। উপসাগরীয় দেশগুলোতে নারীকর্মী পাঠানোর ওপর ১২ বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ১৮ মাসের মাথায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার এ দেশটি। স¤প্রতি কুয়েতে নিপীড়নের শিকার হয়ে এক নেপালি তরুণীর আত্মহত্যার পর নেপালজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর দেশটির মন্ত্রিসভা এ নিষেধাজ্ঞা আরোপ করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারীকর্মীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌন নিপীড়নের পাশাপাশি তাদের নিম্নমানের পরিবেশে থাকতে বাধ্য করা ও বেতন না দেওয়ার অভিযোগ রয়েছে। নেপালের তথ্যমন্ত্রী রাজ কিশোর যাদব বলেন, “উপসাগরীয় দেশগুলোতে তরুণী কর্মীরা শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হচ্ছেন বলে তথ্য রয়েছে।” “তাই উপসাগরীয় দেশগুলোতে নারীকর্মীদের যাওয়ার ব্যাপারে বয়সের এ সীমা বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ৩০ বছরের বেশি বয়সী নারীদের এ ধরনের নিপীড়নের মুখে পড়ার ঝুঁকি কম।” প্রতিদিন প্রায় এক হাজার নারী কাজের উদ্দেশ্যে নেপাল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাড়ি জমায়। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বিভিন্ন দেশে প্রায় দুই লাখ নেপালি নারী গৃহকর্মে নিয়োজিত রয়েছে। এসব নারীদের অনেকেই নির্যাতনের শিকার হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নেপালি দূতাবাসে আশ্রয়ের জন্য যায় বলে বিবিসির খবরে বলা হয়। এর আগে গত বছর মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইন্দোনেশিয়া। আর গত জুনে মধ্যপ্রাচ্যে গৃহকর্মে নারী ও পুরুষ উভয়ের ওপরই নিষেধাজ্ঞা জারি করে কেনিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/২১০৭ ঘ.