২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গল থেকে কিউরিওসিটি’র প্রথম রঙিন ছবি

মঙ্গলে নামার পর চারপাশের প্রথম রঙিন ছবি পাঠিয়েছে নাসার রোবট যান কিউরিওসিটি। এ ছবি পাঠিয়ে কিউরিওসিটি যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করারই সংকেত দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ক্যালিফোর্নিয়া, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মঙ্গলে নামার পর চারপাশের প্রথম রঙিন ছবি পাঠিয়েছে নাসার রোবট যান কিউরিওসিটি। এ ছবি পাঠিয়ে কিউরিওসিটি যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করারই সংকেত দিল। ক্যামেরা লেন্সে ধুলার আস্তরনের মধ্যেই কিউরিওসিটির তোলা রঙিন ছবিতে দেখা গেছে গিরিখাদ গেইল ক্র্যাটারের উত্তর দিকের প্রাচীর ও কিনারা । এ গিরিখাদেই গত রোববার রাতে অবতরণ করে ছয় চাকার পরমাণু শক্তি চালিত যানটি। গত আট মাসে ৫৭ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে কিউরিওসিটি মঙ্গলে পৌছে। মঙ্গলে যানটির অবতরণই ছিল সবচেয়ে কঠিন কাজ। কারণ, কিউরিওসিটির ওজন প্রায় এক টন। মঙ্গলে নামার আগে গতি ছিল ঘণ্টায় ১৩ হাজার মাইল। প্রথমে সুপারসনিক প্যারাসুটের সাহায্যে গতি কমিয়ে আনা হয়। এরপর রকেটের সাহায্যে গতি নিয়ন্ত্রণ করে কেবলের মাধ্যমে ধীরে ধীরে ভূমিতে নামে কিউরিওসিটি। নামার পরপরই ক্যাবলটি বিচ্ছিন্ন হয়ে রকেটিটি দূরে গিয়ে পড়ে। অবতরণের জন্য গিরিখাদ গেইল ক্র্যাটারকে বেছে নেওয়া হয়েছিল। যেখানে অতীতে পানি থাকার অনেক চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলে নামার কয়েক মুহূর্ত পরই চাকার ছবিসহ তিনটি ছবি পাঠায় কিউরিওসিটি। কিউরিওসিটি থেকে প্রথম সংকেত পেয়ে উৎসবে মেতে ওঠে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানিরা। এবার রঙিন ছবি পাঠিয়ে কিউরিওসিটি এর সক্রিয়তা প্রমাণ করল। মঙ্গল অভিযানের প্রথম দিনে কিউরিওসিটি পৃথিবীতে এ ছবি পাঠালো। একটি ছোট গাড়ির আকারের কিউরিওসিটিতে আছে হরেক রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ক্যামেরা আর আবহাওয়া কেন্দ্র। রোভার যানটির আছে একটি শক্তিশালী ড্রিলসহ রোবটিক হাত, দূর থেকে পাথর চূর্ণ বিচুর্ণ করতে পারা লেজার, একটি রাসায়নিক গবেষণাগার আর বিকিরণ মাপার ডিটেক্টর। যানটিকে পাথরসহ অন্যান্য বস্তুর কাছ থেকে তোলা ছবিসহ বড় করে ছবি তোলার ক্ষমতাসম্পন্ন করে তৈরি করা হলেও আপাতত পরিপূর্ণভাবে কাজ শুরু করেনি কিউরিওসিটির ক্যামেরা। এটি পুরোপুরি কাজ শুরু করার পর বিজ্ঞানীরা অনেক অজানা তথ্যের সন্ধান পাবেন বলেই মনে করা হচেছ। আড়াই বিলিয়ন ডলারের এই ব্যয়বহুল প্রকল্প নতুন নতুন অনেক তথ্য উপহার দেবে বলেই নাসার আশাবাদ। ভবিষ্যতে মানব অভিযানের সম্ভাব্যতা যাচাই হবে এ অভিযানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১২৪৩ ঘ.