২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় অবরুদ্ধ বিদ্রোহীরা

আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথে মঙ্গলবার বিদ্রোহী ঘাঁটি ঘিরে ফেলেছে সরকারি সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

আলেপ্পো, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথে মঙ্গলবার বিদ্রোহী ঘাঁটি ঘিরে ফেলেছে সরকারি সেনারা। অবরুদ্ধ অবস্থায় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে আসছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। আলেপ্পোর তুমুল লড়াইবিক্ষুব্ধ দক্ষিণপূর্বাঞ্চলের কথা উল্লেখ করে বিদ্রোহী কমান্ডার শেখ তৌফিক বলেন, “সিরিয়ার সেনারা সালাহেদিন এলাকার দুই দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছে।” প্রধানমন্ত্রী রিয়াদ হিজাবের পক্ষত্যাগে রাজনৈতিক সঙ্কটে পড়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলেপ্পোয় বিদ্রোহী দমনাভিযান আরো জোরদার করেছেন। মঙ্গলবার সকাল থেকে সালাহেদিন এলাকাজুড়ে মর্টার ও ট্যাংকের গোলার মুখে বিদ্রোহী যোদ্ধারা ধসে পড়া বিভিন্ন ভবনসহ শহরের আনাচে-কানাচে গা ঢাকা দিতে বাধ্য হয়েছে। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সকালের দিকে জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করে সেনারা। চলে গোলা হামলাও। বিদ্রোহীদের একটি ঘাঁটির কাছাকাছি আবাসিক ভবনে গোলার আঘাতে দুই পরিবারের প্রায় ১৪ জন মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সরকারবিরোধী এক আন্দোলনকর্মী। সালাহেদিনের কয়েকটি জায়গায় ট্যাংক ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। প্রচণ্ড বোমা হামলার পাশাপাশি বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর গুপ্তঘাতকরা। এতে করে বিদ্রোহীদের চলাফেরা আরো কঠিন হয়ে পড়েছে। ফলে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রসদ আনা যাচ্ছে না বলে জানিয়েছেন আরেক বিদ্রোহী কমান্ডার আবু আলি। তিনি বলেন, সোমবারের লড়াইয়ে ৫ বিদ্রোহী যোদ্ধা মারা গেছে এবং ২০ জন আহত হয়েছে। তবে সালাহেদিন এলাকার মূল সড়ক এখনো দখলে আছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.