লাবলু আনসার
নিউ ইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মিসোরি রাজ্যে আগুনে পুড়েছে একটি মসজিদ, মাসখানেক আগেই এই মসজিদে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল।
সোমবার রাতে জলপিন ইসলামিক সেন্টারে আগুন লাগে। এটি দুর্ঘটনা, না নাশকতা, তা নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গোয়েন্দা কর্মকর্তারা কাজ করছেন বলে স্থানীয় পুলিশের মুখপাত্র শ্যারন রাইন জানিয়েছেন।
তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে না পারলেও মসজিদের ইমাম লাহমুদ্দিনের সন্দেহ, এই আগুন লাগানো হয়েছে।
মসজিদে অগ্নিকাণ্ডের বিষয়ে তথ্য দিতে এফবিআইয়ের পক্ষ থেকে ১৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এফবিআই মুখপাত্র ব্রিজেট প্যাট্টন সাংবাদিকদের বলেন, “গত ৪ জুলাই রাতেও এই মসজিদে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল। তখন ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এবার মসজিদ ভবনটি পুড়ে ছাই হয়ে গেছে।”
সোমবার ভোররাতে মসজিদে আগুন লাগে। তখন মসজিদের ভেতরে কেউ ছিলেন না।
ইমাম লাহমুদ্দিন সাংবাদিকদের বলেন, আগুন দেখে তিনি দৌড়ে এলেও তখন করার কিছু ছিল না।
জলপিন এলাকার ৫০টি মুসলিম পরিবারের উদ্যোগে ২০০৭ সালে গঠিত হয় ‘ইসলামিক সোসাইটি অব জলপিন’।
এই মসজিদ প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে মসজিদের সাইনবোর্ডটি পুড়িয়ে দেয় দুস্কৃতকারীরা।
মসজিদে আগুনের আগের দিনই উইসকনসিন রাজ্যে শিখ মন্দিরে এক বন্দুকধারীর হামলায় সাতজন নিহত হয়।
এই দুই ঘটনার পর নিউ ইয়র্কে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ কমিশনার রেমন্ড ক্যালিকে সঙ্গে নিয়ে সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ শিখ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ও করেন।
মেয়র ব্লুমবার্গ বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যাহত হওয়ার মতো কোন কাজ বরদাশত করা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24