ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হারবার সিল প্রজাতিতে নতুন এক ধরনের ইনফ্লুয়েঞ্জার সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এ ফ্লু ভাইরাস মানুষ ও পশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে বলে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।
গবেষণায় দেখা গেছে, নিউ ইংল্যান্ডের হারবার সিলগুলো নতুন এ ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বছর নিউ ইংল্যান্ডে এইচ৩এন৮ ফ্লু আক্রান্ত হয়ে এ প্রজাতির ১৬২ টি সিল মারা গেছে।
প্রথমদিকে গবেষকরা এর কারণ বুঝে উঠতে পারেননি। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তারা সিলগুলোর নতুন ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
মৃত ৫ টি সিল পরীক্ষা করে বিজ্ঞানীরা এইচ৩এন৮ টাইপ ‘ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস’ পেয়েছেন। এ ভাইরাসটির সঙ্গে ২০০২ সালে উত্তর আমেরিকার পাখিদের মধ্যে ছড়িয়ে পড়া ফ্লু ভাইরাসের মিল রয়েছে।
আর তাই গবেষকরা বলছেন, পাখির কোনো ফ্লু ভাইরাস থেকে নতুন এ ভাইরাসের উদ্ভব ঘটে থাকতে পারে।
ভাইরাসটি এখন কোনো অজানা উৎস থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
তারা বলছেন, সিল বার্ড ফ্লু ভাইরাস এমনকি স্তন্যপায়ী প্রাণীর ভাইরাসেও আক্রান্ত হতে পারে।
ফলে স্তন্যপায়ী প্রাণীর দেহে এ ফ্লু সংক্রমণ ও বিস্তার ঘটে রোগ দেখা দিতে পারে। মানবদেহে এ ফ্লু ভাইরাস সংক্রমণের ভয়টা এখানেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৭৩৭ঘ.
bdnews24