২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিদ্যুৎহীন অর্ধেক ভারতীয়

আরও ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে ভারত। মঙ্গলবার স্মরণকালের ভয়াবহ এই বিদ্যুৎ বিপর্যয়ে ১৯টি রাজ্যের ৬০ কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

নয়াদিল্লি, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আরও ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে ভারত। মঙ্গলবার স্মরণকালের ভয়াবহ এই বিদ্যুৎ বিপর্যয়ে ১৯টি রাজ্যের ৬০ কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এ নিয়ে পর পর দুই দিন বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ল ভারত। সোমবার এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ে উত্তর ভারতের আটটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার এর চেয়েও ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা জানান, উত্তর, পূর্ব ও উত্তর-পূর্ব গ্রিড লাইন অচল হয়ে পড়েছে। বিদ্যুৎ কর্মকর্তারা সোমবার সন্ধ্যার দিকে উত্তরাঞ্চলের গ্রিড সচল করে ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। কিন্তু মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে আবার তা অচল হয়ে পড়ে। তখন ৪ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে রাজধানী নয়া দিল্লিতে সরবরাহ করা যায় মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রীয় বিদ্যুৎ র্র্কর্তৃপক্ষের চেয়ারম্যান অরবিন্দর সিং বকশী বলেন, “উত্তরাঞ্চলে আবার গ্রিড বিপর্যয় ঘটেছে।” সোমবার উত্তর ভারত আক্রান্ত হয়েছিল। মঙ্গলবার ভারতের প্রধান তিনটি সরবরাহ গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় আক্রান্ত হয় পুর্ব ভারতও। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ১৯টি রাজ্য। মঙ্গলবার আক্রান্ত হয় হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মির, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড, দিল্লি ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য। সোমবারের বিদ্যুৎ বিপর্যয়ে সাতটি রাজ্যের প্রায় ৩৭ কোটি মানুষ বিদ্যুৎহীন থাকে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে তাদের বরাদ্দর চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ টেনে নেওয়াতেই বিশ্বের অন্যতম ভয়াবহ এই বিদ্যুৎ বিপর্যয়ের সূচন বলে মনে করা হচ্ছে। দুপুর দুইটার দিকে বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার জানান, ৯০ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সোমবারের মতোই উত্তর ও পূর্বাঞ্চলীয় রেলপথের শত শত ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে হাজার হাজার যাত্রী। দিল্লির মেট্রোও সম্পূর্ণ বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/এলকিউ/১৬৪৪ ঘ.