নয়াদিল্লি, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত মঙ্গলবার দ্বিতীয় দিনে আরো ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল।
গ্রিড লাইনে সরবরাহ বন্ধ হয়ে এ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানী নয়াদিল্লি এবং কলকাতার মতো প্রধান প্রধান নগরীসহ জনবহুল উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। বন্ধ হয়ে গেছে দিল্লির সব মেট্রো রেল সার্ভিস।
এর আগে সোমবারও বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের ৮ টি রাজ্যে দুর্ভোগের শিকার হয়েছে ৩০ কোটিরও বেশি মানুষ।
মঙ্গলবার এর চেয়েও ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা জানান, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চলসহ উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রিড লাইন অচল হয়ে পড়েছে।
গ্রিড লাইন কেন বিপর্যস্ত হল তা পরিস্কার জানা যায়নি। তবে গণমাধ্যমগুলো বলছে, কয়েকটি রাজ্যে মাত্রাতিরিক্ত বিদ্যুতের ব্যবহার হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
বিদ্যুৎ কর্মকর্তারা সোমবার সন্ধ্যার দিকে উত্তরাঞ্চলের গ্রিড সচল করে ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। কিন্তু পরদিন দুপুর ১ টা ৫ মিনিটের দিকে আবার তা অচল হয়ে পড়ে।
কেন্দ্রীয় বিদ্যুৎ কর্র্র্তৃপক্ষের চেয়ারম্যান অরবিন্দর সিং বকশী বলেন, “উত্তরাঞ্চলে আবার গ্রিড বিপর্যয় ঘটেছে।”
কেবলমাত্র উত্তরাঞ্চলীয় এই গ্রিডেই হিমাচল প্রদেশের পার্বত্যাঞ্চল থেকে শুরু করে উত্তর প্রদেশ পর্যন্ত ৩০ কোটিরও বেশি মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয়।
উত্তর ও পূর্বাঞ্চলের দুটি গ্রিডই মঙ্গলবার প্রায় একইসময়েই বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর সেকারণেই অন্ধকারে ঢাকা পড়েছে দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল।
উত্তরের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং রাজস্থান; আর পূর্বের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হয়ে পড়েছে বিদ্যুৎহীন।
উড়িষ্যার এক কর্মকর্তা বলেছেন, পূর্বাঞ্চলের গ্রিডটি একটি ত্র“টির কারণে বিপর্যস্ত হয়েছে। এটি কয়েকঘণ্টার মধ্যে সারানো যাবে বলে তারা আশা করছেন।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৯ঘ.
bdnews24