ওয়াশিংটন, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে খাদ্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনে দরিদ্র দেশগুলোকে সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে জানিয়েছেন, “খাদ্যমূল্য বৃদ্ধির কারণে বিশ্বের সবচেয়ে দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষেরা দীর্ঘদিন ধরে ক্ষতির শিকার হোক তা মেনে নেয়া যায় না।”
এ পরিস্থিতিতে দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য বিশ্বব্যাংক প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের খরা এবং রাশিয়া, ইউক্রেন ও কাজাখস্তানের শুষ্ক আবহাওয়ার কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ইউরোপের বিরূপ আবহাওয়া এবং ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া ফসল উৎপাদনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এসব কারণে মধ্য জুন থেকে গমের দাম ৫০ শতাংশের বেশি এবং অন্যান্য খাদ্যশস্যের দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে।
এছাড়া, গত দুই মাসে সয়াবিনের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের শেষে যে দাম ছিল প্রায় ৬০ শতাংশ বেশি।
কিম বলেছেন, “খাদ্যমূল্য বাড়লে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তারা সস্তায় কম পুষ্টিকর খাবার খায় যা লাখ লাখ শিশু-কিশোরের শারিরীক ও মানসিক বিকাশ এবং সামজিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে।”
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব দেশের সহায়তার প্রয়োজন তাদের জন্য বিশ্বব্যাংকের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৭ঘ.
bdnews24