২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে পাকিস্তানে গোপন সুড়ঙ্গ পথ!

ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গোপন সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গোপন সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। শনিবার রাতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল জম্মুর সাম্বা সেক্টরে বিএসএফ ওই সুড়ঙ্গের সন্ধান পায় বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। ওই অঞ্চলে বিএসএফ’র একটি তল্লাসি চৌকির কাছে ২৫ ফুট গভীরে সুড়ঙ্গটি সনাক্ত করা হয়েছে। স্থানীয় এক কৃষকের কাছে একটি এলাকায় মাটি ধসে পড়ার খবর শুনে সেখানে মাটি খুঁড়ে ওই সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। সুড়ঙ্গটি বর্তমানে পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও সেটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে বলে বিএসএফ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। সুড়ঙ্গের মধ্যে বাতাস প্রবাহের জন্য একটি পাইপ রয়েছে বলেও জানায় বিএসএফ। বিএসএফ’র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এনএস জমওয়াল এনডিটিভিকে বলেন, গতরাতে টহল দেওয়ার সময় সৈন্যরা একটি এলাকায় মাটি ধসে পড়ার খবর জানতে পারে। প্রথমে তারা ভেবেছিল এটা বৃষ্টির পানির জন্য হয়েছে। তারপর রাত বাড়ায় তারা তেমন কিছু করতে পারেনি। “কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় আমরা এখানে ভারী যন্ত্রপাতি এনে মাটি খোঁড়া শুরু করি। ১২ ফুট গভীরে গিয়ে আমরা একটি সুড়ঙ্গ দেখতে পাই যা পাকিস্তান থেকে এসেছে।” ভারতের কোথায় ওই সুড়ঙ্গের মুখ বের হয়েছে তা এখনো বের করা যায়নি জানিয়ে বিএসএফ’র এই কর্মকর্তা বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা নিয়ে আমরা তা সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭২৫ ঘ.