২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিদ্রোহীদের জন্য অস্ত্র সহায়তার আহ্বান

সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র সহায়তা দিতে বিদেশি রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে দেশটির বিরোধীদলগুলোর নির্বাসিত জোট ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল’ (এসএনসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বৈরুত, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র সহায়তা দিতে বিদেশি রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে দেশটির বিরোধীদলগুলোর নির্বাসিত জোট ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল’ (এসএনসি)। আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি বাহিনীর চলমান হামলার মধ্যে এসএনসি প্রধান আব্দুলবাসেত সায়েদা এ আহ্বান জানালেন। সিরিয়ায় একের পর এক গণহত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পরিবর্তে বরং তার বিচার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়ার জনবহুল শহর আলেপ্পোয় ব্যাপক রক্তক্ষয়ের আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। এ পরিস্থিতির মুখে আবু ধাবিতে এক সংবাদ সম্মেলনে সায়েদা বলেন, “আমরা ট্যাংক এবং জঙ্গি বিমান হামলা বন্ধে অস্ত্র চাই।” সিরিয়ার বিদ্রোহীরা এখন পর্যন্ত কোনো বিদেশি সামরিক সহায়তা পায়নি। গত এপ্রিলে উপসাগরীয় দেশগুলো ফ্রি সিরিয়ান আর্মিকে কেবল অর্থ সহায়তা দিতে রাজি হয়। সায়েদা তার বক্তব্যে সিরিয়ার লড়াই চালিয়ে যাওয়া বিদ্রোহী দল ‘ফ্রি সিরিয়ান আর্মি’র জন্যও আরব মিত্রদের সহায়তা কামনা করেন। ইয়েমেন সঙ্কট সমাধানে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে পদত্যাগের বিনিময়ে ক্ষমা করে দেওয়ার যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল, সিরিয়ার ক্ষেত্রে তেমন ব্যবস্থা প্রযোজ্য না মন্তব্য করে সায়েদা বলেন, “সিরিয়ার গণ হত্যাকাণ্ড ঘটছে।” “সেকারণে প্রেসিডেন্ট আসাদের বিচার হওয়া উচিত বলেই আমরা মনে করি। তিনি অপরাধী। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত না।” এএফপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩৮ঘ