ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের তিন সন্তানের সাময়িক অভিভাবকত্ব পেলেন তাদের চাচাতো ভাই টিটো জ্যাকসন জুনিয়র।
লস এঞ্জেলেসের এক আদালত নতুন অভিভাবকত্বের এ আদেশ দেন বলে বিবিসি জানিয়েছে।
অভিভাবকত্ব পরিবর্তনের পাশাপাশি জ্যাকসনের তিন সন্তান প্যারিস (১৪), প্রিন্স মাইকেল (১৫) ও দ্বিতীয় প্রিন্স মাইকেল (১০) কে ক্যালিফোর্নিয়া থেকে অন্য কোথাও না সরানোর নির্দেশও দিয়েছেন বিচারক মিচেল বেকলোফ।
২০০৯ সালে জ্যাকসনের মৃত্যুর পর তার এই তিন সন্তানের দায়িত্ব দেওয়া হয় তাদের দাদি ক্যাথরিন জ্যাকসনকে। তবে ক্যাথরিনের নিখোঁজ হওয়া নিয়ে সৃষ্ট উদ্বেগের কারণে নতুন এ নির্দেশ দিয়েছে আদালত।
গত কয়েকদিন ধরে জ্যাকসনের পরিবারে কলহ দেখা দিয়েছে। এমনকি পরিবারের দুই সদস্যকে ঘিরে সৃষ্ট হাতাহাতির পর সোমবার তাদের বাড়িতে পুলিশকেও ডেকে পাঠানো হয়। এসময় জ্যাকসনের দুই ভাই ও সন্তানরা সেখানে উপস্থিত ছিলেন।
এরপর নয়দিন ধরে দাদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে মঙ্গলবার টুইটারে লেখে প্যারিস।
আদালতে টিটো জানান, ক্যাথরিন যে সঠিকভাবে মাইকেলের এই তিন সন্তানের দেখভাল করছেন না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি। আর ক্যাথরিন ফিরে এলে মাইকেলের সন্তানদের দায়িত্ব আবারো তাকে দেওয়া হবে বলেও জানান তিনি।
২০০৯ সালের জুন মাসে অতিরিক্ত মাত্রায় প্রোপোফল ওষুধ গ্রহণ করায় মাইকেল জ্যাকসনের (৫০) মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৫ ঘ.
bdnews24