২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন প্রণব

ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বুধবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩৮ মিনিটে শপথ গ্রহণ করেছেন প্রণব মুখোপাধ্যায়। ভারতের প্রধান বিচারপতির কাছে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বুধবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩৮ মিনিটে শপথ গ্রহণ করেছেন প্রণব মুখোপাধ্যায়। ভারতের প্রধান বিচারপতির কাছে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এর মধ্যদিয়ে প্রথম বাঙালি হিসেবে তিনি দেশটির ১২তম রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে ৭৬ বছর বয়সী প্রণব কালো শেরোয়ানি ও সাদা চুরিদার পরিহিত ছিলেন। প্রণবের ঘনিষ্ঠ সহযোগী প্রদ্যোত গুহের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শপথ গ্রহণ করার পর প্রণব রাষ্ট্রপতি ভবনে যাবেন। রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের শপথ অনুষ্ঠান ভারতীয় ও আন্তর্জাতিক চ্যানেলে স¤প্রচার করা হয়। শপথগ্রহণ শেষে ভাষণ দেন তিনি। এরআগে গত বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রণব মুখোপাধ্যায়। নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সাবেক লোকসভা স্পিকার পিএ সাংমার বিরুদ্ধে লড়তে হয়। রোববার নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায় বিপুল ব্যবধানে জয়ী হন প্রণব। তবে প্রণম মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়ার পথটি খুব সরল ছিল না। তাকে প্রার্থী হিসেবে মানতে রাজি হন নি ইউপিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জোটের ভেতর চাপা উৎকণ্ঠাও তৈরি হয়। কেননা কংগ্রেসও প্রণবের ব্যাপারে অনড়। শেষ পর্যন্ত মমতা পিছু হটেন, প্রণবের প্রার্থিতায় সমর্থন দেন। মূলত মমতার এই সমর্থনের কারণে পরবর্তী সময়ে প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় যার বাস্তব প্রতিফলন ঘটে ভোটের ফলে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যরা ভোট দিয়ে থাকেন। অর্থাৎ সাংসদ ও বিধায়কেরা ভোট দিয়ে থাকেন। প্রত্যেক রাজ্যের বিধানসভা ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ইলেকটোরাল কলেজের মাধ্যমে এই ভোট হয়। প্রত্যেক রাজ্যের মোট জনসংখ্যার অনুপাতে একজন সদস্যের ভোটমূল্য নির্ধারিত হয়। সেই ভোটমূল্য নির্ধারিত হয় ওই রাজ্যের প্রকৃত ভোটার আর বিধানসভা আসনের ভাগফল অনুসারে। ওই ভাগফলই বিধায়কের ভোটমূল্য। পাশাপাশি দেশের মোট ভোটারকে লোকসভা ও রাজ্যসভার সদস্যসংখ্যা দিয়ে ভাগ করা হয়। এভাবে রাজ্যসভা ও লোকসভার ভোটমূল্য নির্ধারিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৬ ঘ.