দামেস্ক, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।
কাতারে এক জরুরি বেঠক শেষে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান। ক্ষমতা ছাড়ার পর সিরিয়ার বাইরে আসাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও প্রস্তাব দিয়েছেন তারা।
এছাড়া, সিরিয়ার বিরোধী দলকে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনেরও আহ্বান জানিয়েছে আরব লিগ।
ওদিকে, আসাদ নতুন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর সশস্ত্র বিদ্রোহীদের নিশ্চিহ্ন করার নির্দেশ দেন বলে জানা গেছে।
গত সপ্তাহে দামেস্কে বোমা হামলায় সরকারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ার পর এ বৈঠকে বসলেন আসাদ।
অন্যদিকে, উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ঘটনায় বিদ্রোহীদের মনোবল জোরদার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিদ্রোহীদের দখলকৃত দামেস্কের শহরতলী বারজেহ ও মেজেহ পুনর্দখল করেছে সরকারি সেনারা।
দামেস্কে বিদ্রোহীদের বড় ধরনের হামলার দুই সপ্তাহ পর এ দুইটি এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী।
রোববার বিদ্রোহীদের দখল থেকে দামেস্কের মেঝেহ ও বারজেহ এলাকা পুনর্দখল করে সেনাবাহিনী।
এলাকা দুটির সরকার বিরোধী আন্দোলনকারীরা জানিয়েছেন, দখল নেওয়ার পর বিদ্রোহীদের সহযোগিতা করছে সন্দেহে নিরস্ত্র অন্ততপক্ষে ২০ জনকে হত্যা করেছে সেনাবাহিনী। এদের সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। একজনের বয়স ১৮ বছর।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, কোনো বাড়িতে বিদ্রোহী যোদ্ধা আছে কিনা তা খুঁজে বের করতে সিরিয়ার সেনারা রাজধানী দামেস্কের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতেও সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৬ঘ.
bdnews24