বৈরুত/আম্মান, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার দু’টো বড় শহর দামেস্ক ও আলেপ্পোয় রোববার নতুন করে তীব্র লড়াই-সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো দখলের চেষ্টা চালানোয় চলছে এ তুমুল সংঘর্ষ।
রাজধানী দামেস্কের উত্তর-পূর্ব শহরতলী বারজেহ এলাকায় হেলিকপ্টার নিয়ে হামলা চালাচ্ছে সেনাবাহিনীর ৪র্থ ডিভিশনের সেনারা। পশ্চিমাঞ্চলীয় মেজেহ শহরতলীতেও মোতায়েন হয়েছে সেনা।
আলেপ্পোয় তৃতীয় দিনের মতো চলছে লড়াই। সেখানে ট্যাংকের গোলায় একটি ভবন বিধ্বস্ত হয়েছে।
বিদ্রোহীরা এক সপ্তাহের লড়াইয়ে দামেস্কর কয়েকটি এলাকাসহ সীমান্ত অঞ্চল দখলের পাশাপাশি আত্মঘাতী বোমা হামলায় প্রতিরক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের হত্যার দাবি করার পর তাদের ওপর বেপরোয়া হামলা চালাচ্ছে সরকারি বাহিনী।
আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে সেনাবাহিনী।
দামেস্কের বাসিন্দারা জানিয়েছেন, দিনভর রোজা শেষে সন্ধ্যায় কামানের শব্দে রোজা ভাঙার রেওয়াজ এলোমেলো হয়ে যায় তীব্র গোলাবর্ষণের শব্দে।
সরকার বিরোধী আন্দোলনকারীরা হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত রকেটে কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি তারা।
জেনেভা থেকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, “দামেস্কের বাসিন্দারা প্রতিনিয়ত নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে।”
“শহরের পরিস্থিতি মারাত্মক হয়ে ওঠায় দৈনন্দিন প্রয়োজনীয় রসদসামগ্রীর অভাব প্রকট হয়ে উঠছে। লড়াইবিক্ষুব্ধ এলাকাগুলো থেকে ব্যাপক সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকাগুলোতে চলে গেছে। পরিস্থিতি মোকাবেলায় আইসিআরসি ও সিরিয়ার আরব রেডক্রিসেন্ট কার্যক্রম বাড়াচ্ছে।”
পরিস্থিতি পর্যবেক্ষণরত সিরিয়ার সরকার বিরোধী মানবাধিকার গোষ্ঠি ‘দ্যা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, শনিবার সিরিয়া জুড়ে ১৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪৩ জন সেনাসদস্য রয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠিটি।
দক্ষিণাঞ্চলীয় সায়িদা জেইনাব জেলার কাছে হেলিকপ্টার থেকে চালানো রকেট হামলায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবী করেছে বিদ্রোহীরা। তবে এ বিষয়ে আর কিছু জানায়নি তারা।
শনিবার প্রথম রোজার দিন দামেস্কের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় গাড়ি চলাচল তেমন ছিল না। গত সপ্তাহের প্রথম দিকে বিদ্রোহীদের হামলায় সময় বন্ধ হয়ে যাওয়া পুলিশের বেশ কিছু তল্লাশি চৌকি আবার চালু করা হয়েছে।
শহরের পেট্রল পাম্প, বেকারি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, পরিস্থিতি বিচার করতে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী প্রধান হার্ভে ল্যাডসোস ও শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল বাবাকার গায়েকে সিরিয়ায় পাঠাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/২০০৭ ঘ.
bdnews24