ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির স্থলাভিষিক্ত হচ্ছেন তার জৈষ্ঠ্য পুত্র আব্দুল কাদির গিলানি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত মুলতানের উপ নির্বাচনে তিনি জয়ী হন বলে এনডিটিভির এক খবরে বলা হয়।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা আবারো শুরু করতে রাজি না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে গিলানিকে বরখাস্ত করে সুপ্রিম কোর্ট।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শওকত বোসানকে হারিয়ে জয়ী হন আব্দুল কাদির। তারা পেয়েছেন যথাক্রমে ৬০ হাজার ৫শ’ ৩২ ও ৬৪ হাজার ৬শ’ ২৮ ভোট।
ফলাফর ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে ফুল দিয়ে বরণ করে নেয় সমর্থকরা।
এসময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আদালত আমার পিতাকে অপসারণ করেছে এবং আমরা জনতার আদালতে এসেছি। এই আদালত আমার পক্ষে রায় দিয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”
আব্দুল কাদিরকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জারদারিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৯ ঘ.
bdnews24