২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় লড়াই চলছে, নিরাপত্তা প্রধানের মৃত্যু

সিরিয়ার রাজধানী দামেস্কের কয়েকটি এলাকাসহ সীমান্ত পুনর্দখলের জন্য লড়ছে সেনারা। ওদিকে, বুধবারের আত্মঘাতী বোমা হামলায় আহত দেশটির নিরাপত্তা প্রধান হিশাম ইখতিয়ার শুক্রবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

দামেস্ক, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের কয়েকটি এলাকাসহ সীমান্ত পুনর্দখলের জন্য লড়ছে সেনারা। ওদিকে, বুধবারের আত্মঘাতী বোমা হামলায় আহত দেশটির নিরাপত্তা প্রধান হিশাম ইখতিয়ার শুক্রবার মারা গেছেন। ‘জাতীয় নিরাপত্তা’ দপ্তরে চালানো ওই হামলায় এ নিয়ে রাষ্ট্রপক্ষের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গেলেন। রাজধানী দামেস্কের কয়েকটি এলাকা বিদ্রোহীমুক্ত করা এবং সীমান্ত এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করতে সরকারি বাহিনীর লড়াই চলার মাঝে হিশামের এ মৃত্যুর খবর জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। তুরস্ক সীমান্তে বিদোহীদের দখল করে নেওয়া দুটি তল্লাশি চৌকি পুনর্দখলের চেষ্টা করছে আসাদ বাহিনী। দামেস্কে সংঘর্ষ চলছে। মিদানে বিদ্রোহীদের হামলার পাল্টা জবাব দিচ্ছে আসাদ বাহিনী। মিদান বিদ্রোহীমুক্ত হয়েছে বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। বোমাবর্ষণের মুখে মিদান থেকে সরে যাওয়ার কথা জানিয়েছে বিদ্রোহীরাও। এ পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট আসাদ পদত্যাগ করতে প্রস্তুত জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন ফ্রান্সে নিযুক্ত রাশিয়ার দূত আলেক্সান্ডার অরলভ। গতমাসে জেনেভায় এক সম্মেলনে আসাদ পদত্যাগ করার কথা জানান এবং ক্ষমতা হস্তান্তর করতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিতে তার একজন প্রতিনিধিও মনোনীত করেন বলে জানিয়েছেন অরলভ। “তার মানেই আসাদ নিয়মতান্ত্রিকভাবেই ক্ষমতা থেকে সরে যেতে রাজি”, বলেন অরলভ। তার এ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় বলেছে, এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৭ঘ.