ডেনভার, কলরাডো, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ডেনভারের সিনেমা হলে শুক্রবার মুখোশ পরা এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে।
অরোরা শহরতলীর কলোরাডো সিনেমা হলে ব্যাটম্যান সিরিজের নতুন ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রাথমিক খবরে নিহতের সংখ্যা ১৪ বলা হলেও পরে এ সংখ্যা ১২ বলে জানিয়েছেন অরোরার পুলিশ প্রধান ডান ওয়াটেস। আহতের সংখ্যা ৩৮ বলে জানিয়েছে বিবিসি।
“ভয়াবহ” এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার স্থানীয় কেওএ বেতার স্টেশন জানায়, গভীর রাতে শেষ শো চলাকালে গ্যাস মুখোশ পরা এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে। এসময় সে একটি ধু¤্রবোমা বা কাঁদানে গ্যাসবোমাও ছোড়ে।
ঘটনাটি স্থানীয় সময় রাত সাড়েবারোটায় শুরু হয়ে কিছুক্ষণ ধরে চলে। হামলাকারী গুলি করতে করতে ধীরে ধীরে সিড়ি বেয়ে উপরে উঠছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, গুলিবর্ষণ শুরুর পর গুলির শব্দকে চলচ্চিত্রের শব্দ বলে ভুল করেছিল দর্শকরা। পরে ভুল ভাঙলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
সিএনএন জানায়, সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেনাভারের পুলিশ প্রধান ড্যান ওয়াতেস।
হামলাকারীকে সিনেমা হলটির গাড়ি রাখার স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রাঙ্ক ফানিয়া নামে পুলিশের এক মুখপাত্র।
গ্রেপ্তারের সময় তার পরনে ছিল বুলেটপ্র“ফ পোশাক। তার কাছ থেকে একটি রাইফেল এবং হাতবন্দুক উদ্ধার করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।
অবিস্ফোরিত কোনো বোমা আছে কিনা তা খুঁজে দেখতে সিনেমা হল এলাকা থেকে সবাইকে সরিয়ে দিয়েছে নগর কর্তৃপক্ষ। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই। দ্বিতীয় কোনো বন্দুকধারী এ হামলায় জড়িত থাকারও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৪ঘ.
bdnews24