কায়রো, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের গোয়েন্দা প্রধান এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ওমর সুলায়মান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন।
৭৬ বছর বয়স্ক সুলায়মান হাসপাতালে ডাক্তারি পরীক্ষা চলাকালে মারা যান।
মেনা বার্তা সংস্থা এক প্রতিবেদনে বলেছে, “যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার সকালের দিকে মারা গেছেন মিশরের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওমর সুলায়মান।”
“ক্লেভল্যান্ডে তার ডাক্তারি পরীক্ষা চলছিল। তিনি ভালই ছিলেন। কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে তিনি মারা গেলেন,” রয়টার্সকে একথা বলেছেন সুলায়মানের সহযোগী হুসেইন কামাল।
তার লাশ দাফনের জন্য মিশরে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে মেনা।
মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের দীর্ঘ শাসনের বিরুদ্ধে গণআন্দোলনের শেষ দিনগুলোতে সুলায়মানকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছিল। মিশরের গোয়েন্দা প্রধান হিসাবেও তিনি ১৮ বছর কাজ করেছেন।
মে মাসে মিশরে প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে ব্যর্থ হয়ে তিনি দেশ ছেড়ে চলে যান।
প্রথমে তিনি দুবাই যান। পরে সেখান থেকে চলে যান জার্মানি এবং সবশেষে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাষ্ট্রে যান সুলায়মান। স¤প্রতি তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১২ঘ
bdnews24