ওয়াশিংটন, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে নৌপথ বন্ধে ইরান কোনো পদক্ষেপ নিলে তা মোকাবিলা করার মতো সামরিক ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের। আর এ ধরনের কোনো উদ্যোগ নিলে তেহরানকেই সরাসরি দায়ী করা হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা।
বুধবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ফিলিপ হ্যামন্ডও উপস্থিত ছিলেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “এখানকার সম্ভাব্য যেকোনো ধরনের ঘটনার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরান যদি উপসাগরীয় এলাকায় জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ নেয় তাহলে যে তা মোকাবিলার ক্ষমতা আমাদের রয়েছে সেটা নিশ্চিত করতে বিনিয়োগ করেছি আমরা।”
প্যানেট্টা বলেন, “ইরানের এটা বোঝা উচিত যে, ইরান বা এর কোনো প্রতিনিধি জাহাজ চলাচলে বাধা দিলে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি তাদেরকে দায়ী করবে।”
ইরানের পরমাণু কর্মসূচি ও এর তেল রপ্তানির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে হরমুজ প্রণালী বন্ধে দেশটির দেওয়া হুমকির ফলে সৃষ্ট উদ্বেগের মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি।
আর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় চলতি সপ্তাহে ওই অঞ্চলে সেনা উপস্থিতিও বাড়িয়েছে পেন্টাগন।
উপসাগরীয় জলপথ খোলা রাখার বিষয়টি নিশ্চিত করতে লন্ডন অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক নৌপথ ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা অব্যাহত রাখতে আমাদের করা অঙ্গীকার আবারো নিশ্চিত করছি।
“এ প্রণালী বন্ধে ইরান যে উদ্যোগই নিক না কেন তা হবে অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায় তা হতেও দেবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৬ ঘ.
bdnews24