২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পছন্দ না হলেও প্রণবকে ভোট দেবেন মমতা

শেষ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ জোট মনোনীত প্রণব মুখার্জিকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ জোট মনোনীত প্রণব মুখার্জিকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে একইসঙ্গে তিনি বলেছেন, খুব খুশিমনে এই ভোট দেবেন না তিনি। কেবল দলের হাজার হাজার ভোট নষ্ট হোক তা চান না বলেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা এই ভোট দিতে রাজি হয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। মমতার কথায়, গণতন্ত্র ও পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে তিনি এ উদ্যোগ নিতে উদ্বুদ্ধ হয়েছেন। তবে প্রণব মুখার্জি যে রাষ্ট্রপতি পদে মমতার পছন্দের দ্বিতীয় সারিতে তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের এই নেতা। প্রণবকে হাসিমুখে ভোট দিতে পারছেন না বলে আফসোস করে মমতা বলেন, “আমরা চেয়েছিলাম (সাবেক রাষ্ট্রপতি) এ পি জে আব্দুল কালাম রাষ্ট্রপতি হন। আমরা তাকে জেতানোর জন্য যথাসম্ভব সবকিছু করতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি প্রার্থী হতে রাজি হলেন না।” মমতার উদ্ধৃতি দিয়ে এনডিটিভি বলেছে, “আমাদের পছন্দের কেউ ছিল না। আমরা প্রণবকে ব্যক্তিগতভাবে সমর্থন দিচ্ছি না। তাকে ভোট দেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক।” তবে খুশিমনে না হলেও মমতার এই সমর্থনের জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রণব। ১৯ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে কলকাতায় পার্লামেন্টের বিশিষ্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে শেষ মুর্হূতের এ সিদ্ধান্ত নেন মমতা। প্রণবকে ভোট দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার সময়ই তিনি জানিয়ে দেন যে, প্রধানমন্ত্রী মনমোহন সিং কে ইতোমধ্যেই এ ব্যাপারে জানানো হয়েছে। মমতাই ক্ষমতাসীন ইউপিএ জোটের একমাত্র সদস্য যিনি প্রণবের প্রার্থীতার বিরোধিতা করে আসছিলেন। গত রোববার মমতার সমর্থন চেয়ে তার কাছে চিঠি লেখেন প্রণব । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৩ ঘ.