ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার সাবেক তামিল বিদ্রোহীরা দেশটির বিভিন্ন খেলাধূলায় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন। এরই অংশ হিসেবে সাবেক ১৬ তামিল টাইগার স্যুটিং-এর জন্য নির্বাচিত হয়েছেন।
এরা সবাই দূরপাল্লার বন্দুক চালনায় দক্ষ ছিলেন বলে বিবিসি জানিয়েছে।
গতমাসে সাবেক গেরিলাদের একটি পুনর্বাসন ক্যাম্প থেকে মেধাবী খেলোয়াড় সংগ্রহ অভিযানে এদের নির্বাচন করা হয়। এ ছাড়া যারা অন্যান্য খেলাধূলায় পারদর্শী তাদেরও সুযোগ দেওয়া হবে। অনেকেই সাঁতার, অ্যাথলেটিকস এবং ক্রিকেট খেলায় আগ্রহ প্রকাশ করেছেন।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এদের কেউ কেউ আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ নিয়েছিলেন। বিদ্রোহীদের নৌশাখা থেকে শীর্ষ সাঁতারুদেরও নির্বাচন করা হয়েছে।
২০০৯ সালে শ্রীলঙ্কার সেনা বাহিনী তালিম বিদ্রোহীদের পরাজিত করে। এর মধ্যদিয়ে দেশটিতে ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়।
সাবেক বিদ্রোহীদের জন্য স্থাপিত সরকারের পুনর্বাসন কেন্দ্র থেকে এসব খেলোয়াড়দের সংগ্রহ করা হয়েছে। যারা যেসব খেলায় আগ্রহ প্রকাশ করছে তাদের সেসব খেলায় সংযুক্ত করা হচ্ছে।
কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এদের কেউ কেউ আগামী বছর দিল্লিতে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া গেমস-এ শ্রীলঙ্কার হয়ে অংশ নেবে।
সরকারের মুখপাত্র হারাশা আবেকন বিবিসিকে বলেন, “অন্যান্য দেশের জন্য এটি একটি ভালো দৃষ্টান্ত। এসব মানুষ শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল। এরপরও এরা এখন ভালো অবস্থানে রয়েছে।”
তিনি জানান, পুনর্বাসন কেন্দ্রে থাকা প্রায় ১৩৫ জন সাবেক বিদ্রোহী সাঁতার, স্যুটিং, টেনিস এবং ব্যাডমিন্টন খেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
শ্রীলঙ্কা জানিয়েছে, তারা প্রায় ১১ হাজার সাবেক তালিম টাইগারকে পুনর্বাসন করেছে। আরও ৬৩০ জনকে পুনর্বাসিত করার প্রক্রিয়ায় চলছে।
তবে এসব পুনর্বাসন কেন্দ্রে রেডক্রসসহ অন্যান্য অনেক মানবাধিকার গোষ্ঠীকে প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে সরকারের কর্মকাণ্ড নিয়ে এক ধরনের সন্দেহও রয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৮ ঘ.
bdnews24