২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানে পোলিও টিকায় তালেবানের নিষেধাজ্ঞা

পোলিও টিকার ওপর তালেবানের নিষেধাজ্ঞার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে পাকিস্তানের সংঘাত বিক্ষুব্ধ উত্তরপশ্চিমাঞ্চলের প্রায় আড়াই লাখ শিশু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোলিও টিকার ওপর তালেবানের নিষেধাজ্ঞার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে পাকিস্তানের সংঘাত বিক্ষুব্ধ উত্তরপশ্চিমাঞ্চলের প্রায় আড়াই লাখ শিশু। আগামী সপ্তা থেকে ওই অঞ্চলে পোলিও টিকা কর্মসূচি শুরু করতে না পারলে ওই বিপুল সংখ্যক শিশু ঝুঁকিতে পড়বে বলে শুক্রবার কর্মকর্তারা হুঁশিয়ারি জানিয়েছেন। দ্য ডন সংবাদপত্রের এক প্রতিবেদনে এ আশঙ্কার খবর জানা গেছে। পাকিস্তানি তালেবান ও হাফিজ গুল বাহাদুরের অনুসারীরা আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রতিবাদে তারা পার্বত্য ওয়াজিরিস্তানে পোলিও টিকা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। ওই জঙ্গি গোষ্ঠীগুলো দাবি করেছে, টিকা কর্মসূচির আড়ালে গুপ্তচরবৃত্তি চলবে। সোমবার থেকে ওই অঞ্চলে শিশুদের পোলিও টিকা কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “আমরা সম্ভবত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে পোলিও টিকা কার্যক্রম বন্ধ করে দেব। কারণ আমরা সেনা বাহিনীর কাছ থেকে কোনো ছাড়পত্র পাইনি। ওখানকার পরিস্থিতি ঠিক অনুকূল নয়।” নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “তালেবানের কাছ থেকে আমরা হুমকি পেয়েছি। এ কারণে ওই অঞ্চলে পোলিও টিকা কার্যক্রম শুরু করা হবে আমাদের সহকর্মীদের জীবনের ঝুঁকিতে পেলা।” পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি হেপাটাইটিস টিকার কার্যক্রমের আড়ালে সিআইএ’র কাছে বিন লাদেনের অবস্থান জানিয়ে দেন। এ কারণে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় এবং ৩৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। পাকিস্তানের পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সংস্থার পরিচালক ফওয়াদ খান জানান, পোলিও টিকা যদি দেওয়া না হয় তবে উত্তর ওয়াজিরিস্তানে ১ লাখ ৬০ হাজার ও দক্ষিণ ওয়াজিরিস্তানে ৮০ হাজার শিশু ঝুঁকিতে পড়বে। তিনি আরো জানান, প্রশাসন ও তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু স্বাস্থ্যকর্মীরা এখনো পর্যন্ত ওয়াজিরিস্তানে যাওয়ার কোনো সবুজ সংকেত পায়নি। আফগানিস্তান, পাকিস্তান ও নাইজেরিয়ায় পোলিও মহামারীর ঝুঁকি রয়েছে। উচ্চ সংক্রামক এই ব্যাধি মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুদের কিছুক্ষণের মধ্যেই প্যারালাইসিসে আক্রান্ত করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা প্রাণঘাতীও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৮ ঘ.