ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার চেয়ে এখন পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়বাকেই বিশ্বে বেশি বিপজ্জনক বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, আল কায়দা এখন সুতোয় ঝুলছে। অন্যদিকে, লস্কর-ই-তৈয়বা তাদের পাকিস্তানি সমর্থকদের সহায়তায় অনেক বেশি দুর্ধর্ষ হয়ে উঠেছে।
‘এ দলটিই সম্ভবত এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী’- বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র সাবেক বিশ্লেষক ব্র“স রিদেল।
২০০৮ সালে ভারতে মুম্বাইয়ের বিভিন্ন লক্ষ্যস্থলে লস্কর-ই-তৈয়বার ১০ জঙ্গির হামলার ঘটনাটিকে ওই গোষ্ঠীর সবচেয়ে অভিনব এবং দুর্ধর্ষ হামলা বলে অভিহিত করেছেন রিদেল।
আর ওই সন্ত্রাসী হামলায় জড়িত প্রধান সন্দেহভাজন হিসাবে ভারতে সাঈদ জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জিন্দাল ধরা পড়ার ঘটনাটিকেও উল্লেখযোগ্য অগ্রগতি বলে বর্ণনা করেছেন তিনি।
জিজ্ঞাসাবাদের মুখে জিন্দাল ইতোমধ্যেই মুম্বাই হামলায় তার ভূমিকা এবং হামলা পরিচালনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পাকিস্তানে অবাধ গতি লস্কর-ই-তৈয়বার। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সঙ্গেও এর যোগ রয়েছে। দক্ষিণ এশিয়া, পারস্য উপসাগর, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকাজুড়ে বিশ্বব্যাপী দলটির নেটওয়ার্ক আছে।
আবু জিন্দালের স্বীকারোক্তি সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী তৎপরতায় আইএসআই এর সরাসরি জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০১ঘ.
bdnews24