কায়রো, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে পার্লামেন্ট চালু করা নিয়ে পরষ্পর বিরোধিতায় জড়িয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও সুপ্রিম কোর্ট।
মুরসির পার্লামেন্ট পুনরুজ্জীবিত করার নির্দেশ সোমবার প্রত্যাখ্যান করেছে আদালত।
মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ১৪ জুন পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর সিদ্ধান্ত গত রোববার ডিক্রি জারি করে বাতিল করেন মুরসি।
এর পরপরই তার এ ডিক্রির বিপক্ষে অবস্থান নিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট বলছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে রায় দেওয়া হয়েছে সেটিই চূড়ান্ত এবং সব রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্যই তা বাধ্যতামূলক।
আদালতের এ পদক্ষেপে নতুন প্রেসিডেন্টের সঙ্গে সেনাবাহিনীর টান টান উত্তেজনা দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনে দুটি ভোটিং সিস্টেম প্রয়োগ করার কারণে পার্লামেন্টকে অসাংবিধানিক ঘোষণা করে রুল জারি করে সুপ্রিম কোর্ট।
এ রায়ের পরই মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এর এক মাস পর সেনাবাহিনীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবার ওই পার্লামেন্ট চালু করার নির্দেশ দেন মুরসি।
তার এ নির্দেশে মঙ্গলবার অধিবেশন ডাকেন পার্লামেন্টের স্পিকার । মুরসি বলেন, নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আগের পরিষদই বহাল থাকবে।
মুরসির দল মুসলিম ব্রাদারহুড পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয়ী হয়েছে। সম্প্রতি মিশরে প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হন ব্রাদারহুডের মুরসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৯ঘ.
bdnews24