লিবিয়া/বেনগাজি, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফি জমানার পর লিবিয়ায় অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের ফলাফলের অপেক্ষার মধ্যেই মহাজোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির যুদ্ধকালীন বিদ্রোহী প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিল।
এ লক্ষ্যে তিনি রোববার প্রায় ১৫০টি দলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার লিবিয়ার নির্বাচনী ফলাফল ঘোষণার কথা রয়েছে।
গত ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো শনিবার দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানান তিনি। নির্বাচনে দেশটির জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এক সংবাদ সম্মেলনে জিব্রিল বলেন, “একটা ব্যানারের আওতায় সবাই মিলে জোট করতে জাতীয় সংলাপের আহ্বান জানাচ্ছি আমরা। লিবিয়ায় বর্তমানে সক্রিয় সব রাজনৈতিক দলের প্রতিই এটা আমাদের আন্তরিক আহ্বান।
“গতকালের নির্বাচনে কেউ জয়ী বা পরাজিত হয়নি। যেই জয়লাভ করুক, লিবিয়াই হলো প্রকৃত জয়ী।”
তবে প্রায় ৬০টি দল মিলে গঠিত তার ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স (এনএফএ) ইসলামপন্থী দলগুলোর নেতৃত্ব দেবে বলে যে গুজব ছড়িয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পাশাপাশি এনএফএ কে ধর্মনিরপেক্ষ ও উদার দল হিসেবে বিবেচনা করার মনোভাবও প্রত্যাখ্যান করেন তিনি।
জিব্রিলের আহ্বানের পরিপ্রেক্ষিতে জাস্টিস অ্যান্ড কনস্ট্রাকশন পার্টি, মিশরের মুসলিম ব্রদারহুডের লিবিয়া শাখার মতো গুরুত্বপূর্ণ দলগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে সাবেক জঙ্গি আধা সামরিক বাহিনীর নেতা আব্দেল হাকিম বেলহাদজের নেতৃত্বাধীন ইসলামিক সংগঠন আল ওয়াতান জানিয়েছেন, সোমবার তারা এ আহ্বানের বিষয়টি বিবেচনা করে দেখবে।
দেশটিতে গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ চলাকালে পশ্চিমা রাষ্ট্রগুলো সমর্থিত বিদ্রোহীদের জাতীয় অর্ন্তর্বতী পরিষদের (এনটিসি) অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন ইংরেজিভাষী জিব্রিল।
শনিবারের নির্বাচনের মাধ্যমে ২শ’ সদস্যের অস্থায়ী একটি সাধারণ পরিষদ গঠন করা হবে। এর কাজ হবে প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে মন্ত্রিসভা গঠন করা ও দেশটির সংবিধান প্রণয়ন করা।
নির্বাচনে ২৮ লাখ তালিকাভুক্ত ভোটারের মধ্যে প্রায় ১৮ লাখ ভোটার ভোট দিয়েছেন। সারা দেশে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক উদ্যোগ’কে স্বাগত জানিয়েছেন। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে আছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১০৮ ঘ.
bdnews24