কায়রো, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সেনাবাহিনীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পার্লামেন্ট বহাল রাখার ঘোষণা দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মুরসি একটি ডিক্রি জারি করে আদালতের পার্লামেন্ট ভেঙে দেওয়ার রায় বাতিল করেছেন।
নির্বাচনে দুটি ভোটিং সিস্টেম প্রয়োগ করার কারণে পার্লামেন্টকে অসাংবিধানিক ঘোষণা করে রুল জারি করেছিল সুপ্রিম কোর্ট।
প্রেসিডেন্ট নির্বানের আগ দিয়ে দেওয়া এ ঘোষণার এক মাস পর আবার ওই পার্লামেন্টের অধিবেশন আহ্বান করলেন মুরসি।
বলপয়োগের মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দিয়েছিল মিশরের সেনাবাহিনী।
কিন্তু মুরসি বলেছেন, নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আগের পরিষদই বহাল থাকবে। মুরসির দল মুসলিম ব্রাদারহুড পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয়ী হয়েছে। সম্প্রতি মিশরে প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হন ব্রাদারহুডের মুরসি।
মিশরের ইসলামপন্থী এ নেতাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ঘ.
bdnews24