ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম তীরের জর্ডান ভ্যালি এলাকায় ইসরায়েলের বসতি নির্মাণ কাজের কারণে নস্যাৎ হচ্ছে ফিলিস্তিন স¤প্রদায়ের অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা।
যুক্তরাজ্যের দাতব্য সংস্থা অক্সফামের এক সমীক্ষা প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, জমি, পানির ব্যবহার এবং চলাফেরার ওপর থেকে বাধা-নিষেধ উঠে গেলে এক বছরে ফিলিস্তিনিরা অতিরিক্ত ১শ’ কোটি পাউন্ড অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে।
পশ্চিম তীরের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জর্ডান ভ্যালি আয়তনে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দীর্ঘ এবং ১৫ কিলোমিটার প্রশস্ত।
ফিলিস্তিনিরা এ এলাকার মাত্র ৬ শতাংশ জমি ব্যবহারের সুযোগ পায়। আর এলাকাটির ৮৬ শতাংশই বসতি গেড়ে বসা ইহুদিদের দখলে।
১৯৬৭ সালে ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখলের পর থেকে সেখানে এ পর্যন্ত নির্মিত ১শ’রও বেশি বসতিতে বাস করে প্রায় ৫ লাখ ইহুদি।
আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের এ বসতিস্থাপন বেআইনি। কিন্তু ইসরায়েল বিষয়টি নিয়ে তর্কাতর্কি করে আসছে।
জর্ডান ভ্যালিতে ৯ হাজার ৫শ ইহুদির বাস। আর ফিলিস্তিনের সংখ্যা প্রায় ৬৬ হাজার। ২০ টি স¤প্রদায়ভুক্ত হয়ে তারা বসবাস করছে। আবার অনেকেই বাস করছে অস্থায়ী বাসিন্দা হিসাবে।
কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে ইসরায়েল জর্ডান ভ্যালিতে ফিলিস্তিনিদের চলাফেরা, কাজকর্ম সবকিছুর ওপরই কড়াকড়ি করছে।
ফিলিস্তিনিদের ওপর এই কড়াকড়ি, বাধা-নিষেধের পাশাপাশি ইসরায়েলি বসতি স¤প্রসারণ কাজের কারণে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অপার সম্ভাবনা নস্যাৎ হচ্ছে বলে অভিযোগ করেছে অক্সফাম।
এলাকার সব সম্পদের ওপর ইহুদিদের নিয়ন্ত্রণ বেশি থাকায় ফিলিস্তিনিরা গরিব থেকে যাচ্ছে বলেও জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৯ঘ.
bdnews24