ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন সফররত কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রাজধানী বেইজিং-এ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি তার এই সফরকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন চুক্তিও করছে এই দুই ঘনিষ্ঠ মিত্ররাষ্ট্র।
চীনের ভাইস-প্রেসিডেন্ট জি জিনপিং ও উপ-প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও রাউলের বৈঠক করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই দুই নেতার মধ্যে একজন চীনের শীর্ষ নেতার পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার রাউল কাস্ত্রো চীনা প্রেসিডেন্ট হু জিনতাও’র সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কয়েকটি চুক্তি সই করেন।
কিউবাকে স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে সহযোগিতার ব্যাপারে চীন অঙ্গীকার করেছে বলে বিবিসি জানায়।
এসব অঙ্গীকার দুই দেশের মধ্যকার ধারাবাহিক চুক্তিরই অংশ বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোনোকিছু জানা সম্ভব হয় নি।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানায়, কিউবার সঙ্গে বাণিজ্য, জ্বালানি, ভৌত অবকাঠামো নির্মাণ, কৃষি, জৈবপ্রযুক্তি প্রভৃতি খাতে সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হু জিনতাও।
২০০৮ সালে বড়ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চারদিনের সফরে চীন অবস্থান করছেন রাউল কাস্ত্রো।
রাউল বলেন, “সা¤প্রতিক বছরগুলোতে চীন ও কিউবার সম্পর্ক অব্যাহত ভাবে গভীর ও উন্নত হচ্ছে। এ জন্য আমরা ভীষণ তৃপ্ত।”
ভেনেজুয়েলার পর চীন হচ্ছে কিউবার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
চীন সফর শেষে রাউল কাস্ত্রো ভিয়েতনাম সফর করবেন বলে গ্রানমা সংবাদপত্র জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০৬ ঘ.
bdnews24