প্যারিস, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সারাবিশ্বে ইসলাম ধর্মীয় ঐতিহ্যগুলো নষ্ট করার বিষয়টি নতুন কোনো ঘটনা নয়। মৌলবাদী ইসলামের সম্প্রসারণের পর থেকেই এটা ঘটছে। সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটল মালির টিম্বাকটু শহরে।
এ শহরে সুফি সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা ভেঙ্গে দিয়েছে আনসার দ্বিন সংগঠন। এ সংগঠনের পক্ষ থেকে ফ্রান্সের আরএফআই রেডিওকে বলা হয়, হযরত মুহাম্মদ (সাঃ) মক্কায় পৌঁছে সব সমাধিস্থল ভেঙ্গে ফেলতে বলেছিলেন। আর এখন সেটারই পুনরাবৃত্তি করছি আমরা।
২০০১ সালে আফগানিস্তানে তৎকালীন তালেবান শাসকগোষ্ঠী আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও সেখানকার ৬ষ্ঠ শতকের বড় বড় দু’টি বৌদ্ধ মূর্তি ভেঙ্গে ফেলে। তখন থেকেই মূলত মৌলবাদী ইসলামপন্থীরা এসব ঐতিহ্যবিনাশী কর্মকাণ্ড শুরু করে।
তবে মৌলাবাদী ইসলামপন্থীরা সেসময় অন্য ধর্মের (বিশেষ করে খ্রিস্টান) পবিত্র স্থানের ওপর হামলা চালালেও বর্তমানে ভিন্ন গোত্রের মুসলমানদের মসজিদগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এ সহিংসতা বর্তমানে আফগান সীমান্ত থেকে শুরু করে পাকিস্তানে (লাহোর ও দক্ষিণ পাঞ্জাবের সুফিদের ধর্মীয় স্থাপনায়) ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের সুফি ও শিয়াদের ধর্মীয় স্থানে স্থানীয় তালেবান বিদ্রোহীরা নিয়মিত বোমা হামলা চালায়। ২০১০ সালে পাকিস্তানের বিখ্যাত সুফি স্থাপনা দাতা গান্জ বকশের সমাধিস্তম্ভের ওপর হামলা চালায় মৌলবাদী চরমপন্থীরা। এতে ৪২ জন মারা যায়।
গত বছর মধ্যপ্রাচ্যেও এ ঘটনার সূচনা হয়। একসময়কার অবদমিত সালাফি সংগঠন মিশরের বিভিন্ন ধর্মীয় স্থাপনা নষ্ট করে দেয়। আর লিবিয়াতে সুফি ধর্মীয় নেতাদের কবর খুঁড়ে তাদের দেহাবশেষ স্তুপ করে রাখে জঙ্গিরা।
গত বছর মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর কায়রোর কাছাকাছি ছোট ছোট কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়।
পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের প্রধান জামাল ইলিয়াস বলেন, “শিয়া, আহমেদিস (মুহাম্মদ সা. ব্যতীত অপর নবীতেও বিশ্বাসী) ও অন্য ধর্মাবলম্বীরাও মৌলবাদী হামলার শিকার হচ্ছে। আর ধর্মীয় স্থাপনায় হামলা নতুন ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠারই একটা অংশ।”
সাম্প্রতিক বছরগুলোতে সালাফিজমের সম্প্রসারণের বিষয়ে ডেনমার্কেন আরহুস বিশ্ববিদ্যালয়ের আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক মার্ক সেদউইক বলেন, “তারা মনে করে যে ভালো কিছু প্রতিষ্ঠা করা ও খারাপ কিছুকে প্রতিরোধ করার দায়িত্ব তাদের।
“আর এ কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেই হামলার ঘটনা ঘটে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১৯ ঘ.
bdnews24