২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাতের দেহাবশেষ কবর থেকে তুলতে রাজি ফিলিস্তিন

ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার নতুন অভিযোগের ভিত্তিতে তার দেহাবশেষ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে রাজি হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

জেরুজালেম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার নতুন অভিযোগের ভিত্তিতে তার দেহাবশেষ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে রাজি হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে উচ্চ মাত্রার তেজস্ত্রিয় উপাদান বিষাক্ত পোলোনিয়াম-২১০ এর উপস্থিতি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাত প্রয়াত প্রেসিডেন্টের দেহাবশেষ কবর থেকে তুলে নতুন করে পরীক্ষার অনুরোধ জানান। তার এ অনুরোধে সাড়া দিয়েই ফিলিস্তিন প্রশাসন জানিয়েছে, তারা পশ্চিম তীরের শহর রামাল্ল¬া থেকে আরাফাতের দেহাবশেষ তুলে ময়নাতদন্ত করবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেছেন, “প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পথ পরিস্কার করতে কর্তৃপক্ষ বরাবরের মত এখনো সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত।” তবে কবে এ পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি তিনি। আরাফতের স্ত্রী সুহা আরাফাত কাতার-ভিত্তিক আল-জাজিরা টিভি চ্যানেলকে বলেছেন, “আমি চাই সারা বিশ্ব ইয়াসির আরাফাত হত্যাকাণ্ডের সত্যতা সম্পর্কে জানুক।” অনেক চিকিৎসক ও ফিলিস্তিনিরই সন্দেহ ছিল আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের লাওসানের ইনস্টিটুট দে রেডিওফিজিক আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে বিষ পাওয়া গেছে দাবি করায় তাদের সেই সন্দেহ আরো দৃঢ় হলো। ২০০৪ সালে আরাফাত হঠাৎ অসুস্থ হয়ে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মারা যান। সুইজারল্যান্ডের লাওসানের ইনস্টিটুট দে রেডিওফিজিক’র মুখপাত্র ডার্সি ক্রিশ্চেন রয়টার্সকে মঙ্গলবার জানান, আশ্চর্যজনকভাবে তারা আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে উচ্চমাত্রার পলোনিয়াম-২১০’র উপস্থিতি পেয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, আরাফাতের চিকিৎসা প্রতিবেদনে যে বিবরণ দেওয়া আছে তাতে পলোনিয়াম-২১০’র প্রতিক্রিয়াজনিত কোনোকিছুর আভাস পাওয়া যায়নি। আর এ কারণেই ফিলিস্তিনি ওই নেতাকে বিষপ্রয়োগ করা হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। আল জাজিরা স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত এক তথ্যচিত্রে জানানো হয়, আরাফাতের বিধবা স্ত্রী প্রয়াত স্বামীর ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র ওই সুইস প্রতিষ্ঠানটিকে দিয়েছিলেন। তাতে দেখা গেছে আরাফাতের পোশাক, টুথব্রাশ এবং তার মাথার ওড়নাতেও অস্বাভাবিক মাত্রার পলোনিয়াম পাওয়া গেছে। পলোনিয়াম একধরনের বিরল উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপাদান। তথ্যচিত্রটিতে সুইস ওই প্রতিষ্ঠানের পরিচালক ফ্রাঙ্কোয়িস বোচাদ বলেন, “আমি নিশ্চিত করছি, আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে আমরা উচ্চমাত্রার পলোনিয়াম-২১০’র খোঁজ পেয়েছি যা জৈব তরল হিসেবে তার শরীরে প্রবেশ করে থাকতে পারে। তিনি আরো বলেন, তবে এ বিষয়টি নিশ্চিত হওয়ার একমাত্র পথ হচ্ছে আরাফাতের দেহাবশেষ পরীক্ষা করে দেখা তাতে পলোনিয়াম-২১০ রয়েছে কি না। বোচাদ বলেন, “কিন্তু আমাদের দ্রুত এটি করতে হবে। কেননা, পালোনিয়াম মিলিয়ে যাচ্ছে। আর এ কারণে আমরা যদি বেশি দেরি করে ফেলি, আমি নিশ্চিত কোনো সম্ভাব্য সূত্র হারিয়ে যাবে।” রাশিয়ান গুপ্তচর আলেক্সান্ডার লিটভিনেনকোর মৃত্যুর কারণ পলোনিয়াম। তিনি ২০০৬ সালে লন্ডনে মারা যান। ইসরায়েলের বিরুদ্ধে ১৯৬০-এর দশকের যুদ্ধে আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেনকে (পিএলও) নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ১৯৯৩ সালে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনের স্বশাসনের ভিত্তিতে একটি শান্তিচুক্তি সই করেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সঙ্গে কয়েক বছর ধরে চালানো আলোচনা ব্যর্থ হলে ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ-আন্দোলনে সোচ্চার হয়ে ওঠার চারবছরের মাথায় ইয়াসির আরাফাতের রহস্যজনক মৃত্যু হয়। আরাফাতের শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক কোনোভাবেই আরাফাতের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেন নি। ব্যক্তিগত গোপনীয়তা আইনের কারণে ফ্রান্সের্রর্ কতৃপক্ষ আরাফাতের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। এরফলে তার অসুস্থতা ও মৃত্যুর কারণ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/এলকিউ/২১০১ঘ.