ইসলামাবাদ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ আবারো চালুর বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একমত হবে বলে আশা করা হচ্ছে।
আর মঙ্গলবার পাকিস্তানের সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে আলোচনায় বসবেন।
সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
এ বিষয়ে সহসাই একটি চুক্তি ঘোষণা করাও হতে পারে বলে জানান তিনি। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের অপর এক কর্মকর্তা বলেন, “সবকিছুর বিষয়ে আশাবাদী আমরা।”
তবে আসন্ন কোনো চুক্তির বিষয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কোনো মন্তব্য করেন নি।
এ উদ্যোগের ফলে উভয় দেশে সাত মাস ধরে চলা সংকটের অবসান হতে পারে।
যুুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রসদ সরবরাহ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
আফগানিস্তানের ন্যাটোর রসদ সরবরাহ আবারো নতুন করে শুরু করাটা এখন ন্যাটোর কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে নতুন কোনো চুক্তির বিষয়ে উদ্বিগ্নও তারা।
গত বছরের নভেম্বরে আফগানিস্তান সীমান্তে চালানো মার্কিন বিমান হামলার পর থেকে রসদ সরবরাহ বন্ধ রয়েছে। হামলায় ২৪ পাকিস্তানি সেনা মারা যায়।
এদিকে ন্যাটোর কমান্ডার জেনারেল জন অ্যালেন সোমবার গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফর করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও মার্কিন ও পাকিস্তানের কর্মকর্তারা তা নিশ্চত করেন নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২২ ঘ.
bdnews24