ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বন্যাকবলিত আসাম পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি। সোমবার তাদের প্রদেশটির উপদ্রুত অঞ্চল পরিদর্শন ও স্থানীয় সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
আসামে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৃষ্ট ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। এতে গৃহচ্যুত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ।
একটি বিশেষ ফ্লাইটে মনমোহন ও সোনিয়া আসাম যাবেন এবং আকাশ পথেই উপদ্রুত অঞ্চল পরিদর্শন করবেন বলে এনডিটিভি জানিয়েছে।
পরিদর্শন শেষে তারা গোয়াহাটিতে আসামের মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।
আসামে গত চারদিনের টানা বর্ষণ এখন থেমে গেছে। পানিও অল্প অল্প করে নেমে যেতে শুরু করেছে। কিন্তু ত্রাণ কার্যক্রম মোটেও সন্তোষজনক নয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রদেশটির ২৭টি জেলা বন্যাকবলিত হয়েছে।
উপদ্রুত জেলাগুলোতে সরকারের পক্ষ থেকে ৭৬৮টি ত্রাণশিবির চালু করা হয়েছে। ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এনএন জোশি বলেন, শোনিতপুর, বারপেটা, কামরূপ, বাকশা ও দারাঙ্গ জেলাগুলো থেকে প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষকে সেনা বাহিনী উদ্ধার করেছে।
এ ছাড়াও শোতে, জামুগুড়ি, বাকশার, নালবার, দারাঙ্গ এবং বারপেটায় সেনাবাহিনী চাল ও পানিসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করেছে।
আসাম সরকার বন্যায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়াও যাদের সহায়সম্পত্তি ও শস্যজমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও ভর্তুকি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৩ ঘ
bdnews24