নাইরোবি, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় দুটি গির্জায় গ্রেনেড হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৫ জন।
রোববার কেনিয়ার উত্তরাঞ্চলীয় গারিসা টাউনে এ হামলা হয়। গারিসা কেনিয়ার একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি। এই শহরটি থেকেই সোমালিয়ার আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সেনা পাঠানো হয়।
গত অক্টোবরে সোমালিয়ার সীমান্ত অতিক্রম করে আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে কেনিয়ার সেনাবাহিনী।
আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে কেনিয়ায় পর পর অনেকগুলো বোমা হামলা হয়েছে। রাজধানী নাইরোবিসহ বেশ কয়েকটি অঞ্চলে গ্রেনেড হামলা হয়েছে।
আঞ্চলিক পুলিশের উপপ্রধান ফিলিপ নদোলো জানান, “আপাদমস্তক কাপড়ে মোড়ানো কয়েকজন লোক এসে শহরের ‘ক্যাথলিক গির্জা’ এবং ‘আফ্রিকান ইনল্যান্ড গির্জা’য় গ্রেনেড ছুড়ে মারে।”
আঞ্চলিক চিকিৎসা কর্মকর্তা আব্দিকাদির শেখ রয়টার্সকে বলেন, “আমরা মর্গে এ পর্যন্ত অন্তত ১৭ টি লাশ পেয়েছি।”
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে শাবাব এর সমর্থকরা কিংবা দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
শুক্রবার গারিসা থেকে ১’শ কিলোমিটার দূরে কেনিয়ার দাদাব শরণার্থী শিবির থেকে চারজন বিদেশি ত্রাণকর্মীকে অস্ত্রধারীরা অপহরণ করে। এখানে এক গাড়িচালককে হত্যা করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৬ঘ.
bdnews24