জেরুজালেম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সাবেক কট্টরপন্থী প্রধানমন্ত্রী ইজহাক শামির শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
ডানপন্থী লিকুদ পার্টির নেতা শামির ১৯৮৩-৮৪ এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু শোক প্রকাশ করেছেন এবং ইসরায়েলের প্রতি শামিরের ‘গভীর আনুগত্যের’ প্রশংসা করেছেন।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “তিনি সেই প্রজন্মের অংশ যারা ইহুদি জাতির জন্য সংগ্রাম করেছেন ও ইহুদি রাষ্ট্র ইসরায়েল সৃষ্টি করেছেন।”
ফিলিস্তিন রাষ্ট্রের প্রবল বিরোধী হিসেবে পরিচিত ছিলেন শামির। এ বিষয়ে কঠোর মনোভাবের কারণে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মহলে ব্যাপকভাবে নিন্দিতও ছিলেন।
১৯১৫ সালে পোল্যান্ডে জন্ম ইজহাক শামিরের। তার বাবা, মা ও বোনের মৃত্যু হয় হিটলার অধিকৃত পোল্যান্ডের কনসেনট্রেশন ক্যাম্পে।
পোল্যান্ড থেকে তৎকালীন ফিলিস্তিনে এসে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জায়নবাদী গুপ্ত সংগঠনে যোগ দেন শামির। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর তিনি দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদে যোগ দেন। মোসাদ ছাড়ার পর ১৯৭০ সাল থেকে মনযোগ দেন রাজনীতিতে।
শামির প্রধানমন্ত্রী থাকাকালেই ১৯৮৭ সালে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন ‘ইন্তিফাদা’ শুরু হয়। সামরিক অভিযানের মাধ্যমে সেই আন্দোলনের মোকাবিলা করেন তিনি।
ভূমধ্যসাগর থেকে জর্দান নদী পর্যন্ত ইসরায়েলের সীমান সম্প্রসারণের একজন উৎসাহী সমর্থক ছিলেন শামির।
১৯৯১ সালে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু হলে অনিচ্ছাসত্ত্বেও তাতে নেতৃত্ব দেন শামির। ১৯৯২ সালের নির্বাচনে লেবার পার্টির কাছে পরাজয়ের পর তিনি রাজনীতি থেকে অবসর নেন।
শামির দীর্ঘদিন ধরে অ্যালঝাইমারে ভুগছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০১১ ঘ.
bdnews24