বেলফাস্ট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ)’র সাবেক কমান্ডারের সঙ্গে বুধবার প্রথম করমর্দন করেছেন যুক্তরাজ্যের রানি এলিজাবেথ।
আইআরএ’র সাবেক কমান্ডার মার্টিন ম্যাকগিনেস এখন ব্রিটিশ-নিয়ন্ত্রিত উত্তর আয়ারল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার।
ব্রিটেনের বিরুদ্ধে উত্তর আয়ারল্যান্ড নিয়ে আইআরএ’র লড়াই শেষের ১৪ বছর পর ম্যাকগিনেসের সঙ্গে বৈঠক করেছেন রানি।
১৯৭২ সালে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আইআরএ’র লড়াইয়ের সম্মুখসারিতে ছিলেন ম্যাকগিনেস। আর ওই লড়াইয়ে রানিও হারিয়েছেন তার এক জ্ঞাতি ভাইকে।
১৯৭৯ সালে আইআরএ লর্ড মাউন্টব্যাটেন কে হত্যা করে। একইসঙ্গে নিহত হন তার ১৪ বছর বয়সী নাতিসহ আরো তিনজন। আয়ারল্যান্ডে ছুটি কাটানোর সময় আইআরএ বোমা মেরে মাউন্টব্যাটেনের নৌকা উড়িয়ে দেয়।
সেই দুর্ধর্ষ আইআরএ’র কমান্ডারের সঙ্গেই বুধবার বেলফাস্টের লিরিক থিয়েটারে রুদ্ধদ্বার বৈঠক করলেন রানি।
আইরিশ গেরিলারাসহ আইআরএ’র হামলার শিকার হওয়া কিছু মানুষ রানির সঙ্গে ম্যাকগিনেসের এ সংহতির বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে ক্ষোভ প্রকাশ করেছে। তবে আয়ারল্যান্ডের রাজনীতিবিদরা বেশিরভাগই দু’জনের এ বৈঠককে স্বাগত জানিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮৪৯ঘ.
bdnews24