লন্ডন, জুন ২৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- ইউরোজোনে চলমান ঋণ সংকটের কারণে দরিদ্র দেশগুলোতে উন্নয়ন সহায়তা কমছে। ইউরোপের উন্নয়ন সাহায্য তদারককারী সংস্থা ডাটা’র প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এক দশকের মধ্যে এই প্রথম ইউরোপীয় দেশগুলোর অর্থ সাহায্যের বাজেট লক্ষ্যণীয় পরিমাণে কমেছে বলে জানিয়েছে সংস্থাটি।
২০১০-১১ সালে দরিদ্র দেশগুলোতে অর্থ সহায়তা সবচেয়ে বেশি কমিয়েছে ঋণ সংকটে বিপর্যস্ত দুই দেশ স্পেন ও গ্রিস। আর সার্বিকভাবে ইউরোপীয় উন্নয়ন সহায়তার পরিমাণ কমেছে ১ দশমিক ৫ শতাংশ।
ফলে নতুন উপাত্তে দেখা গেছে, ইউরোপের অর্থনৈতিক সংকটের বোঝা বইতে হচ্ছে বিশ্বের দরিদ্রতম কিছু জনগোষ্ঠীকে।
ইউরোপ জুড়ে কঠোর ব্যয়সংকোচনের দুর্ভোগ পোহাচ্ছে জনগণ। আর এর ক্ষতিকর প্রভাব পড়ছে দরিদ্র দেশগুলোর জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচিতে।
২০১০-১১ সালে স্পেন দরিদ্রদেশগুলোতে সাহায্যের পরিমাণ প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে দিয়েছে। দরিদ্র দেশগুলোতে অর্থ সাহায্য দেওয়ার ক্ষেত্রে তাদের অবস্থান ছিল ষষ্ঠ।
অন্যদিকে গ্রিস অর্থ সহায়তা ৪০ শতাংশ কমিয়েছে বলে জানানো হয়েছে ডাটা’র প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪২ঘ.
bdnews24