২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সরকার গঠনের তোড়জোড়

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মোহাম্মদ মুরসি সরকার গঠনের কাজ শুরু করেছেন। মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা করতে সোমবার তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কায়রো, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মোহাম্মদ মুরসি সরকার গঠনের কাজ শুরু করেছেন। মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা করতে সোমবার তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে যান। মুরসির প্রচারাভিযানের মুখপাত্র নার্মিনে মোহাম্মদ হাসান বলেছেন, তিনি (মুরসি) ইতোমধ্যেই মন্ত্রিসভা গঠনের জন্য নামের তালিকা করতে শুরু করেছেন। খুব শিগগিরই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। রোববার নির্বাচন কমিশন মুরসির জয় ঘোষণার পর তিনি এক ভাষণে সব মিশরীয়র নেতা হওয়ার প্রতিশ্র“তি দিয়ে জাতীয় ঐক্য আরো সুসংহত করার আহ্বান জানান; যেখানে সংঘাতের কোনো অবকাশ থাকবে না। একইসঙ্গে সবার অংশগ্রহণের একটি ব্যাপকভিত্তিক সরকার গড়ারও অঙ্গীকার করেন তিনি। সরকার গঠনের কাজ শুরুর আগে মুরসি তার স্ত্রীকে নিয়ে তাদের নতুন বাসভবন ঘুরে দেখেন। যে ভবনটি একসময় প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রধান বাসভবন ছিল। মুরসির এক সহযোগী জানান, এরপর তিনি সরকার গঠন নিয়ে আলোচনা করতে প্রতিরক্ষামন্ত্রণালয়ে যান। ক্ষমতাসীন সামরিক পরিষদ নিয়োজিত মন্ত্রিসভা সোমবার পদত্যাগ করবে। তবে মুরসি নতুন সরকার ঘোষণা না করা পর্যন্ত তত্ত্বাবধয়কের দায়িত্বে থাকবে এ মন্ত্রিসভা। মুরসির কর্তৃত্ব নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেলেও ৩০ জুনে তিনি প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। মিশরে একটি বেসামরিক প্রশাসন গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মুরসি। এ মুহূর্তে প্রাধ্যন্য পাবে প্রধানমন্ত্রী বাছাইয়ের কাজটি। এছাড়া, কয়েকজন ভাইস প্রেসিডেন্ট এবং সব ক্ষেত্র থেকে দক্ষ লোকজনদের নিয়ে মন্ত্রিসভা গড়তে চান তিনি। দেশনেতা হিসাবে মুরসিকে প্রথমেই ভেঙে পড়া অর্থনীতির হাল ধরা, অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়া এবং নতুন সংবিধান রচনার ভার নিতে হবে। বিশ্ব নেতারা ইতোমধ্যেই মুরসির জয়কে স্বাগত জানিয়েছেন। তবে অনেকেই ইসলামপন্থি মুসলিম ব্রাদারহুড থেকে মুরসির জয়কে ভালো চোখে দেখেনি। তার জয়কে মিশরের জন্য অন্ধকার বলে মন্তব্য করেছে কেউ কেউ। ৬০ বছর বয়স্ক মুরসি যুক্তরাষ্ট্র থেকে পড়াশুনা করে আসা প্রকৌশলী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের আমলে তিনি জেলে ছিলেন। মে মাসে অনুষ্ঠিত প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনেও অল্প ব্যবধানে মুরসি জয়ী হয়েছিলেন। ১৬-১৭ জুনে অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনেও তিনি জয়ী হয়েছেন। কিন্তু সামরিক বাহিনী ইসলামপন্থি ব্রাদারহুডকে ভালো চোখে না দেখায় মুরসি দেশ পরিচালনায় সমস্যায় পড়তে পারেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। তার যে কোনো উদ্যোগই দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো থেকে বাধার মুখে পড়তে পারে। ফলে সামরিক শাসনের নিয়ন্ত্রণমুক্ত হয়ে দেশ পরিচালনার পাশাপাশি শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে তীব্রভাবে দ্বিধাবিভক্ত, আতঙ্কিত এবং ক্ষুব্ধ মিশরীদের নেতৃত্ব দেওয়া তার জন্য দুরূহ হয়ে দাঁড়াতে পারে। মিশরে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে সামরিক বাহিনীর ক্ষমতা সংহত করার পদক্ষেপের কারণে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠেছিল। নির্বাচনে জয় দাবি করে মুসলিম ব্রাদারহুড, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ তা প্রত্যাখান করে নিজেদের জয় দাবি করা হয়। এ পরিস্থিতিতে নির্বাচনে কারচুপির অভিযোগ আসার অজুহাতে নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করে ক্ষমতাসীন সামরিক পরিষদ। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় তারা। এর আগে নির্বাচনের প্রাক্কালে আদালতের এক আদেশের সূত্র ধরে নির্বাচিত পার্লামেন্টও বিলুপ্ত করে সেনা পরিষদ। পার্লামেন্টে মুসলিম ব্রাদারুহডের সংখ্যাগরিষ্ঠতা ছিল। দেশটির তিনদশকের সেনাশাসক মুবারকের পতনের পর নতুন সংবিধান তৈরি স্থগিত হয়ে আছে। সংবিধান নেই, নির্বাচিত পার্লামেন্ট নেই- এই অবস্থায় নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতার রাশ টেনে ধরার মতো কার্যকর কোনো প্রতিষ্ঠান না থাকায় মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘ফ্রিডম ও জাস্টিস পার্টি’র প্রার্থী মোহাম্মদ মুরসির কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯১৮ ঘ.