এথেন্স, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অসুস্থতার জন্য এ সপ্তাহে অনুষ্ঠিতব্য ইউরোপীয় দেশগুলোর নেতাদের সম্মেলনে যোগ দিতে পারছেন না গ্রিসের নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনিস সামারাস ও অর্থমন্ত্রী ভ্যাসিলিস রাপানোস। আর একই কারণে বিলম্বিত হয়ে পড়ছে দেশটিতে আন্তর্জাতিক ঋণদাতাদের সফর।
শনিবার প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার হয়েছে। আর শারীরিক দুর্বলতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন নতুন অর্থমন্ত্রী।
এদের পরিবর্তে সম্মেলনে যোগ দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ও বিদায়ী অর্থমন্ত্রী। সম্মেলনে তারা ১৩০ বিলিয়ন ইউরো বেলআউটের শর্ত শিথিলের অনুরোধ জানাবেন।
আগামী ২৮-২৯ জুন অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আন্তঃসীমান্ত ব্যাংকিং ইউনিয়ন, ঘনিষ্ঠ আর্থিক সমন্বয় ও ঋণের দায়মোচনে সম্ভাব্য তহবিল বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন নেতারা।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর অসুস্থতায় গ্রিসের বিরোধিতার মুখে বেলআউটের শর্ত শিথিল করতে এথেন্সের নেওয়া উদ্যোগ এবং এ অঞ্চলে ঋণ সংকটের মোকাবিলায় সম্মেলনে নতুন কোনো পদক্ষেপ নেওয়ার যে আশা দেখা দিয়েছিলো তা হুমকির মুখে পড়েছে।
এদিকে অপ্রত্যাশিত এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তারা দেশটিতে তাদের সফর স্থগিত করেছে। সোমবার তাদের সফর করার কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১০০ ঘ.
bdnews24