করাচি, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পররবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতাসীন দল পিপিপি রাজা পারভেজ আশরাফকে নির্বাচিত করেছে। কিন্তু তাকে নিয়ে ক্ষুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পার্লামেন্ট সদস্য ও জনপ্রিয় সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।
রাজার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতাসীন দলের প্রথম পছন্দ মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর নতুন প্রার্থী হিসাবে রাজা পারভেজ আশরাফকে বেছে নেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
এরপর নওয়াজ শরীফ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করে বলেন, রাজা পারভেজ আশরাফ প্রধানমন্ত্রী পদের যোগ্য নন।
তিনি পাকিস্তান মুসলিম লিগ-এন’র প্রেসিডেন্ট হিসাবে প্রধানমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসাবে দলের ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট সরদার মেহতাব আহমেদ খান আব্বাসির নাম ঘোষণা করেছেন।
ওদিকে, ইমরান খান টুইটারের এক মন্তব্যে বলেন, আশরাফকে প্রধানমন্ত্রী করা পাকিস্তানের জনগণকে অপমান করার শামিল।
পাকিস্তান তেহরিক-ই-ইসলামের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আরো বলেন, নতুন প্রধানমন্ত্রীও হবেন আসিফ আলি জারদারির আরেক আজ্ঞাবাহক। করাচি বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রী আবারো দেশে দুর্নীতির প্রক্রিয়া শুরু করবেন।
রাওয়ালপিণ্ডির পিপিপি নেতা পারভেজ আশরাফের বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির বড় ধরনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি মামলা হওয়ার পর গত বছর তিনি মন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য শুক্রবার বিকালে পার্লামেন্টের নিম্নকক্ষে জাতীয় পরিষদের অধিবেশন ডাকেন প্রেসিডেন্ট জারদারি। তার আগেই সংবাদ সম্মেলন করে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়ন ঘোষণা করা হয়।
পাকিস্তান সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসাবে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করলে ওই পদ নিয়ে ব্যাপক নাটকীয়তা শুরু হয়। পরদিন সকালে শরিকদের সঙ্গে আলোচনা করে বস্ত্র মন্ত্রী মখদুম শাহাবুদ্দিনকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেন জারদারি। তবে বিকল্প প্রার্থী হিসাবে পিপিপির দুই জ্যেষ্ঠ নেতা কামার জামান কারিয়া ও রাজা পারভেজ আশরাফকেও তালিকায় রাখেন তিনি।
সে অনুযায়ী বৃহস্পতিবার পার্লামেন্টে মনোনয়নপত্রও দাখিল করেন এই তিনজন। এছাড়া পাকিস্তান মুসলিম লিগ- নেওয়াজ (পিএমএল-এন) এর পক্ষে পাখতুনখা প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সদর মেহতাব আহমাদ খান এবং জামায়াতে উলামা ই ইসলাম-ফজলের (জেইউএই-এফ) প্রধান ফজলুর রেহমানও প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দেন।
কিন্তু পিপিপির প্রথম পছন্দ শাহাবুদ্দিন মনোনয়নপত্র জমা দেওয়ার ঘণ্টা দুয়েকের মাথায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাকিস্তানের আদালত। পারোয়ানা জারি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলি মুসা গিলানি ও আরো একজনের বিরুদ্ধে।
শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিয়ম ভেঙে দুটি প্রতিষ্ঠানকে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ইফেড্রিন উৎপাদনের অনুমতি দিয়েছিলেন তিনি।
এর পরপরই পাকিস্তানের এন্টি-নারকোটিক ফোর্স (এএনএফ) জানায়, শাহাবুদ্দিনকে গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/বিসিএস/এলকিউ/২০১৮ঘ
bdnews24