২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নির্বাচনী ফলের অপেক্ষা, বিক্ষোভ

মিশরে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচদিন পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। বিক্ষুব্ধ মিশরীয়রা মুবারক বিরোধী অন্দোলনের প্রাণকেন্দ্র কায়রোর তাহরির স্কয়ারে রাতভর প্রতিবাদ-বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কায়রো, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচদিন পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। বিক্ষুব্ধ মিশরীয়রা মুবারক বিরোধী অন্দোলনের প্রাণকেন্দ্র কায়রোর তাহরির স্কয়ারে রাতভর প্রতিবাদ-বিক্ষোভ করেছে। শুক্রবার জুমার নামাজের পর সেখানে বড় ধরনের বিক্ষোভ সমাবেশে জন্য জড়ো হচ্ছে জনতা। সরকারিভাবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কথা ছিল। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ করা হয়েছে এই কারণ দেখিয়ে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। নির্বাচনের পর বেসরকারিভাবে মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসির জয়ী হয়েছেন বলে খবর পাওয়া যায়। নির্বাচনের ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করেন মুরসি ও তার দল। কিন্তু বিরোধী প্রার্থী সাবেক সেনা আমলা ও মুবারকের সাবেক প্রধানমন্ত্রী আহামেদ শফিকের নির্বাচনী শিবির মুরসির দাবি প্রত্যাখান করে নিজেদের বিজয় দাবি করে। গত কয়েকদিন ধরে এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচনের ফল চুরির চেষ্টার অভিযোগ করছেন। নির্বাচনের মুসলিম ব্রাদারহুড প্রার্থীর জয়ের সম্ভবনার মুখে নিজেদের ক্ষমতা সংহত করে মিশরের সেনাবাহিনী। গত ছয় দশক ধরে দেশটি শাসন করছে তারা। গত বছর প্রবল গণতান্ত্রিক আন্দোলনের মুখে তিন দশকের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা ত্যাগে বাধ্য হলেও ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থেকে যায়। নির্বাচনের প্রক্কালে আদালতের জারি করা রুলের সূত্রে নির্বাচিত পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে সেনাবাহিনী। দুইদিনব্যাপী দ্বিতীয় দফা নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নতুন ডিক্রি জারি করে নির্বাচিত প্রেসিডেন্টর ক্ষমতা খর্ব করে তারা। এখন কারচুপির অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণা স্থগিত থাকবে বলে ঘোষণা করেছে তারা। ফলে এক বছর আগে কায়রোয় তাহরির স্কয়ারে গায়ের রক্ত ঝরিয়ে মুবারককে সরিয়ে ছিল যারা তাদের অনেকেই আবার জড়ো হয়েছেন স্কয়ারটিতে। সেনাবাহিনীর ক্ষমতা সংহতকারী ডিগ্রি প্রত্যাহার ও নির্বাচনের ফল ঘোষণার দাবীতে তাহরির স্কয়ারেই অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার বড় ধরনের বিক্ষোভ মিছিল করারও প্রস্তুতি নিয়েছেন তারা। এর ফলে মিশরের পরিস্থিতি আবারও উত্তাল ও রক্তাক্ত হয়ে ওঠার আশংকা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৭ঘ.