২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে সচিবালয়ে আগুন, আরো ২ লাশ উদ্ধার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো দুই জনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মহারাষ্ট্র রাজ্যের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো দুই জনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। এনডিটিভির এক খবরে বলা হয়, শুক্রবার সচিবালয় ভবন থেকে আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার হয় যাদের মধ্যে দুজনের লাশ পাওয়া যায় ষষ্ঠতলায় উপমুখ্যমন্ত্রীর দপ্তরের বাইরে। ষষ্ঠতলা থেকে যাদের লাশ উদ্ধার করা হয় তারা হলেন, উমেশ কোটেকার ও মহেশ গুগলে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান শুক্রবার দক্ষিণ মুম্বাইয়ের এই সচিবালয় ভবনকে অনিরাপদ ঘোষণা করেছেন। ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠতলায় অবস্থিত সব মন্ত্রণালয় ও দপ্তরকে বিধান ভবন ও সায়াদ্রি গেস্ট হাউসে সরিয়ে নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় মহারাষ্ট্র রাজ্য সরকারের সদরদপ্তরের চতুর্থ তলায় অগ্নিকাণ্ড শুরু হয়। দ্রুতই তা সাত তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠতলায় ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় পাঁচ হাজার মানুষ ওই ভবনের ভিতরে ছিলেন। অগ্নিকাণ্ডের সময় মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানও ভবনের মধ্যে ছিলেন। বের হয়ে আসার পর তিনি উদ্ধার তৎপরতা তদারক করেন। অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফোন করার আধা ঘণ্টারও বেশি সময় পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ভবনে আটকা পড়া প্রায় ৬৫ জনকে উদ্ধার করে দমকলকর্মীরা। উদ্ধার তৎপরতায় নৌবাহিনীর হেলিকপ্টারও কাজে লাগানো হয়। ভবনে আটকা পড়া এক ব্যক্তি বলেন, “আগুন ক্রমশ বাড়ছিলো। প্রথমদিকে ভিতরে শুধু ধোঁয়া ছিলো। চেয়ার দিয়ে আমরা জানালা ভেঙে ফেলি এবং সেখান দিয়ে বেরিয়ে পাইপ বেয়ে পঞ্চমতলা থেকে নামি।” অগ্নিকাণ্ডে রাজ্য সরকারের নগর উন্নয়ন বিভাগ, নগর পরিকল্পনা বিভাগ, হাউজিং বিভাগ, বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। মূখ্যমন্ত্রী বলেছেন, আপাতত অন্য কোথাও দাপ্তরিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন মন্ত্রীরা। অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করছে মুম্বাই পুলিশ। অগ্নিকাণ্ডের পিছনে কোনো পক্ষের ভূমিকা ছিলো কি না তা খতিয়ে দেখবে কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬১৫ ঘ.