২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের মিশর-গাজা সীমান্তে নিহত ৭

মিশরের সিনাই মরুভূমি থেকে ইসরায়েলে প্রবেশ করা জঙ্গিদের গুলিতে সোমবার এক ইসরায়েলি নিহত হওয়ার জের ধরে আরো ৬ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

জেরুজালেম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সিনাই মরুভূমি থেকে ইসরায়েলে প্রবেশ করা জঙ্গিদের গুলিতে সোমবার এক ইসরায়েলি নিহত হওয়ার জের ধরে আরো ৬ জন নিহত হয়েছেন। ইসরায়েলের ভেতরে প্রবেশ করে জঙ্গিরা সীমান্তে নির্মাণাধীন কাঁটাতারের বেড়া লক্ষ করেগুলিবর্ষণ করে। এতে এক ইসরায়েলি শ্রমিক নিহত হয় বলে দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। নিহত ব্যক্তি ইসরায়েলি নাগরিক তবে জাতিতে আরব বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জঙ্গিদের গুলিবর্ষণের জবাবে সেনারা পাল্টা গুলি চালালে দুই জঙ্গি ঘটনাস্থলেই নিহত হয় বলেও জানিয়েছেন তারা। তবে হামলাকারী অপর এক জঙ্গি পালিয়ে যায়। গাজা থেকে ৩০ কিলোমিটার দূরে মিশর-ইসরায়েল সীমান্তে ঘটনাটি ঘটে। এ হামলার জের ধরে গাজায় চালানো ইসারায়েলি আকাশ হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে ইসলামি জেহাদ গোষ্ঠীর দুই জঙ্গি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলে রকেট হামলার চেষ্টাকালে আরো দুই জঙ্গি নিহত হয় বলে জানিয়েছেন দেশটি। সোমবার মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের মুসলিম ব্রাদারহুড প্রার্থীর বিজয় দাবি করার কিছুক্ষণের মধ্যেই সিনাই থেকে ইসরায়েলে হামলার ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে সিনাই এলাকা আইনশৃঙ্খলাহীন হয়ে পড়েছে বলে অভিযোগ জানিয়ে আসছে ইসরায়েল। হামলার ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বরাক বলেছেন, “আমরা লক্ষ্য করছি সিনাই এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর মিশর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।” “আমরা মিশরের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছি। যেই জয়ী হউক, আমরা আশা করছি তিনি মিশরের দেওয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলি রক্ষা করবেন, যার মধ্যে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি ও সিনাইয়ের নিরাপত্তা ব্যবস্থার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত। এসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সিনাই থেকে চালানো হামলার দ্রুত আবসান করা হবে বলে আমরা আশা করছি,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৫ ঘ.